১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লেভানদোভস্কি এখন মেসিদের লিগে

যুক্তরাষ্ট্রের শিকাগো ফায়ারের সঙ্গে চুক্তি করেছেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই স্ট্রাইকার।

লেভানদোভস্কি এখন মেসিদের লিগে
শিকাগো ফায়ারের জার্সিতে রবের্ত লেভানদোভস্কি। ছবি: শিকাগো ফায়ার ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 09:18 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন রবের্ত লেভানদোভস্কি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএসএল) ক্লাব শিকাগো ফায়ারে যোগ দিয়েছেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই স্ট্রাইকার। এই লিগেরই আরেক দল ইন্টার মায়ামিতে খেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 

৩৭ বছর বয়সী লেভানদোভস্কির সঙ্গে ২০২৭-২৮ এমএলএস মৌসুম পর্যন্ত চুক্তি করার কথা জানিয়েছে শিকাগো ফায়ার। তবে ক্লাবটির হয়ে খেলতে যুক্তরাষ্ট্রের পি-ওয়ান ভিসা এবং ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট লাগবে পোলিশ তারকার।

জার্মান ক্লাব বায়ার্নে গোল বন্যা বইয়ে ২০২২ সালে বার্সেলোনায় যোগ দেন লেভানদোভস্কি। কাতালান ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল গত জুন পর্যন্ত। এরপর তার সঙ্গে নতুন চুক্তি করেনি লা লিগা চ্যাম্পিয়নরা। ফ্রি এজেন্ট হিসেবে শিকাগো ফায়ারে গেলেন তিনি।

বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫ ম্যাচে ৩৪৪ গোল করেন লেভানদোভস্কি। এরপর বার্সেলোনার জার্সিতে চার মৌসুমে ১৯৩ ম্যাচ খেলে ১২০ বার জালের দেখা পান তিনি।

ক্লাব ফুটবলে এখন পর্যন্ত ৮৬৯ ম্যাচ খেলে লেভানদোভস্কি গোল করেছেন ৬২৯টি। 

শিকাগো ফায়ারে লেভানদোভস্কিকে পেয়ে ভীষণ খুশি দলটির প্রধান কোচ গ্রেগ বারহল্টার। 

“আমরা তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। (যুক্তরাষ্ট্রে এলে) শিকাগোর মানুষ নিজ চোখে দেখতে পাবে, কেন সে বিশ্বের সবচেয়ে সম্মানিত ক্রীড়া ব্যক্তিত্বদের একজন।”

বায়ার্ন, বার্সেলোনা ছাড়াও ইউরোপের আরেকটি বড় ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন লেভানদোভস্কি। তিন ক্লাবের হয়ে ৩০টি শিরোপা জিতেছেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনেও তার রেকর্ড সমানভাবে উজ্জ্বল। পোল্যান্ডের অধিনায়ক ছিলেন তিনি। দেশের হয়ে সিনিয়র ফুটবলে ১৬৭টি ম্যাচ খেলে ৮৯টি গোল করেছেন পোলিশ কিংবদন্তি।

১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এমএলএস-এর ইস্টার্ন কনফারেন্স টেবিলের তৃতীয় স্থানে আছে শিকাগো। টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তারা।