ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য রাশফোর্ড ‘বড় সম্পদ’, প্রতিপক্ষের জন্য ‘বড় হুমকি’
হ্যারি মাগুইয়ারের চাওয়া, মার্কাস রাশফোর্ড যেন ম্যানচেস্টার ইউনাইটেডেই রয়ে যান।
ম্যানচেস্টার ইউনাইটেডে মার্কাস রাশফোর্ডের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে হ্যারি ম্যাগুইয়ারের চাওয়া, এই ফরোয়ার্ড যেন এখানেই থেকে যান। অভিজ্ঞ ডিফেন্ডারের মতে, রাশফোর্ডের মতো একজন ফুটবলার দলকে যেমন সমৃদ্ধ করে, তেমনি তটস্থ রাখে প্রতিপক্ষকে।
ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসার রাশফোর্ড কাগজে-কলমে এই ক্লাবেরই ফুটবলার। তবে ইউনাইটেডের জার্সিতে রাশফোর্ডকে সবশেষ দেখা গেছে ২০২৪ সালের ডিসেম্বরে। সেই সময়ের কোচ হুবেন অ্যামুরির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কাল হয়ে আসে তার জন্য। ম্যাচের পর ম্যাচ বাইরে থাকতে হয়। পরের ফেব্রুয়ারিতে ধারে তাকে পাঠানো হয় অ্যাস্টন ভিলায়।
এরপর গত মৌসুমে ধারে খেলেছেন তিনি বার্সেলোনায়। সেখানে তিনি উল্লেখযোগ্য অবদানও রাখেন। বার্সেলোনা তাকে ধরে রাখতে চেয়েছিল ও তিনিও থাকতে চেয়েছিলেন বলে সংবাদমাধ্যম জানায়। তবে শেষ পর্যন্ত আর্থিক সমঝোতা হয়নি দুই ক্লাবের। রাশফোর্ড ফেরেন তার মূল ঠিকানায়।
ইউনাইটেডের এখনকার কোচ মাইকেল ক্যারিক এখনও নিশ্চিত করে কিছু বলেননি রাশফোর্ডকে নিয়ে। তবে কদিন আগে তাকে ‘আমাদের ফুটবলার’ হিসেবে উল্লেখ করেছেন।
ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের মধ্যে বিশ্বকাপের ছুটি কাটিয়ে রোববার এসি মিলানের বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি।
এই ম্যাচের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ম্যাগুইয়ার বললেন, ইউনাইটেডের জন্য কতটা জরুরি রাশফোর্ডকে ধরে রাখা।
“দলবদলের সুযোগ এখনও খোলা আছে পরিষ্কারভাবেই। আমরা আশা করি সে থাকবে, কারণ যদি সে থাকে, তবে সে আমাদের জন্য বড় এক সম্পদ হবে। সে থাকলে অবশ্যই আমাদের দল আরও ভালো হয়ে উঠবে।
এই ম্যাচেও দেখেছেন, সে নামার প্রতিপক্ষের রক্ষণভাগকে বেশ ভালোভাবেই ব্যতিব্যস্ত করে তুলেছিল। সে গোলও করতে পারত। (প্রতিপক্ষের রক্ষণে) সে বড় এক হুমকি সবসময়। মার্কাসের সঙ্গে আমি বহু বছর ধরে খেলেছি এবং জানি যে, তার বিপক্ষে খেলা এবং অনুশীলনে তার সঙ্গে খেলা আমাদেরকে সাহায্য করবে।”
প্রাক-মৌসুম ম্যাচটিতে অ্যামুরির এখনকার দল এসি মিলানের কাছে ৪-২ গোলে হেরে গেছে ম্যনচেস্টার ইউনাইটেড।
গত মৌসুমে প্রিমিয়ার লিগের শেষটা দারুণ করে তিন নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড নতুন মৌসুম শুরু করবে শনিবার হাল সিটির বিপক্ষে।
