১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পেদ্রি যেন শাভি ও ইনিয়েস্তার যোগফল’

চলতি মৌসুমেও বার্সেলোনার মাঝমাঠের প্রাণভোমরা হয়ে উঠছেন স্প্যানিশ এই তারকা।

‘পেদ্রি যেন শাভি ও ইনিয়েস্তার যোগফল’
বার্সেলোনার তারকা মিডফিল্ডার পেদ্রি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 08:46 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পেদ্রির দ্যুতিময় পারফরম্যান্স যেন চোখে লেগে গেছে পল স্কোলসের। এতটাই মনে ধরেছে যে, তিনি বার্সেলোনার এই মিডফিল্ডারকে দেখছেন দুই গ্রেট শাভি এর্নান্দেস ও আন্দ্রেস ইনিয়েস্তার সংমিশ্রন হিসেবে।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে গত বৃহস্পতিবার নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করে বার্সেলোনা। 

জোড়া গোল করে কাতালান দলটির সেদিনের জয়ের নায়ক অবশ্যই মার্কাস র‍্যাশফোর্ড। তবে পুরো ম্যাচে পেদ্রি ছিলেন মাঝমাঠের কেন্দ্রবিন্দু। ওই ম্যাচের পরই সাবেক ইংলিশ তারকা সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখেন, পেদ্রি এখন তার সবচেয়ে পছন্দের খেলোয়াড়।

সপ্তাহ না ঘুরতেই আরও একবার লাস পালমাসের সাবেক ফুটবলার পেদ্রির ভুয়সী প্রশংসা করলেন স্কোলস। ‘দি গুড, দি ব্যাড অ্যান্ড দি ফুটবল’ পডকাস্টে ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার বর্তমানের সেরা পাঁচ মিডফিল্ডারের তালিকা করতে গিয়ে পেদ্রিকে নির্দ্বিধায় রাখেন সবার ওপরে।

“এক নম্বর পেদ্রি। নিউক্যাসলের বিপক্ষে তার খেলা দেখে আমি বলেছিলাম… সে তো অনেকটা শাভি ও ইনিয়েস্তার সংমিশ্রন। আমরা কেবল তার পায়ের কথা বলছি না, বরং তার সমস্ত ফুটবল মেধা। মাঠে কখনও কখনও সে কঠিন পরিস্থিতিতে পড়ে যায় এবং তখন সে ওয়ান-টু করে অথবা বডি ডজে যেভাবে ওই প্রতিকূলতা কাটিয়ে ওঠে, অবিশ্বাস্য। তার কৌশল চমৎকার।” 

লাস পালমাস থেকে ২০২০ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমান পেদ্রি। অল্প বয়সেই নজরকাড়া পারফরম্যান্সে দলে জায়গা করে ফেলেন তিনি। পরের বছরই কাতালান ক্লাবটির হয়ে অসাধারণ পারফরম্যান্সে জেতেন কোপা ট্রফি। 

চলতি মৌসুমে লা লিগায় দলের এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচেই খেলেছেন পেদ্রি, গোল করেছেন একটি। চ্যাম্পিয়ন্স লিগের ওই একমাত্র ম্যাচে পুরোটা সময় ছিলেন মাঠে।