Published : 08 Dec 2025, 08:39 PM
হার দিয়ে উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু করা সানজিদা-প্রীতিরা শুরু থেকে খেললেন আক্রমণাত্মক ফুটবল। পাকিস্তানের দল করাচি সিটিকে চাপে রাখলেও জালের পেলেন না তারা। আক্রমণভাগের ব্যর্থতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল বাংলাদেশের চ্যাম্পিয়ন নাসরিন একাডেমি।
কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার রাউন্ড রবিন লিগে করাচির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নাসরিন একাডেমি।
দুই ম্যাচে নাসরিন একাডেমির পয়েন্ট ১। টানা দুই ড্রয়ে করাচির পয়েন্ট ২।
নেপালের চ্যাম্পিয়ন এপিএফ ফুটবল ক্লাবের বিপক্ষে ৪-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করে নাসরিন একাডেমি। করাচি গোলশূন্য ড্র করে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে।
কিক অফের পর প্রথম মিনিটেই সুযোগ তৈরি করে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। তবে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা সুরভি আকন্দ প্রীতির দুরূহ কোণ থেকে নেওয়া শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। চার মিনিট পর প্রীতির শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে।
২৩তম মিনিটে প্রীতির প্রচেষ্টা পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষকের গায়ে লেগে ফেরে। দশ মিনিট পর বেঁচে যায় নাসরিন একাডেমি। ক্রস ক্লিয়ার করতে গিয়ে পা চালিয়ে দেন জয়নব বিবি রিতা, ভাগ্য ভালো যে বল উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। একটু পর মরিয়ম মাহমুদের শট যায় ক্রসবারের একটু উপর দিয়ে।
এ অর্ধে করাচি চাপ দিতে থাকে নাসরিন একাডেমির রক্ষণে। ৭২তম মিনিটে মরিয়মের শট আটকে দলের ত্রাতা ইয়ারজান বেগম। শেষ দিকে আনমল হিরা বল নিয়ে বক্সে ঢুকে গেলেও তালগোল পাকিয়ে লক্ষে শট ব্যর্থ হওয়ার একটু পরই বাজে ম্যাচ শেষের বাঁশি।
আগামী ১৪ ডিসেম্বর ভারতের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবেন সানজিদা-পুজারা।