১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শিরোপাধারী নাসরিন একাডেমির জালে ৮ গোল বিকেএসপির

প্রথমার্ধেই তিন গোল করে লিগের শিরোপাধারী নাসরিন একাডেমিকে কোণঠাসা করে ফেলে নবাগত দল বিকেএসপি।

শিরোপাধারী নাসরিন একাডেমির জালে ৮ গোল বিকেএসপির
শিরোপাধারী নাসরিন একাডেমিকে উড়িয়ে দিল বিকেএসপি। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 08:17 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

প্রথমবারের মতো মেয়েদের লিগে খেলতে এসে চমক উপহার দিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। শিরোপাধারী নাসরিন একাডেমির জালে প্রথমাধেই গোল উৎসব সারল তিনবার। দ্বিতীয়ার্ধে আরও পাঁচ বার পেল জালের দেখা। দারুণ জয়ে লিগ শুরু করল বিকেএসপি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার নাসরিন একাডেমিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বিকেএসপি। 

অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে বিকেএসপি। ২০২৩-২৪ মৌসুমে তারকা খেলোয়াড়দের সমাবেশ থাকলেও নাসরিন একাডেমি এবার দল গুছিয়েছে অনভিজ্ঞদের নিয়ে। লিগে শুরুতে মুদ্রার উল্টোপিঠ দেখেছে তারা।

একাদশ মিনিটে গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্ট পেয়ে গিয়েছিলেন অয়ন্ত বালা, কিন্তু বলে স্পর্শ জোরে হওয়ায় তিনি নাগাল পাওয়ার আগেই এক ডিফেন্ডার কর্নার করে দেন। বালার বাঁকানো কর্নারে বল সরাসরি জালে ঢুকতে যাচ্ছিল, সুমি রানী ক্লিয়ার করে নাসরিন একাডেমির ত্রাতা।

গোছালো ফুটবলে শিরোপাধারীদের উপর চাপ ধরে রাখা বিকেএসপি এগিয়ে যায় ২২তম মিনিটে। কর্নারের পর বক্সের জটলার ভেতর থেকে লক্ষ্যভেদ করেন আইরিন খাতুন। 

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। গোলকিপারের ভুলে বল পেয়ে যান আলমিনা, নিচু শটে জাল খুঁজে নেন তিনি। ৩৩তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বিকেএসপি। গোলকিপারকে কাটিয়ে নিজেও শট নিতে পারতেন প্রতিমা মুন্দা, কিন্তু তিনি পাস বাড়ান বাম দিকে থাকা অয়ন্ত বালাকে, সহজ শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় নাসরিন একাডেমি।

প্রচণ্ড শীতের কারণে দ্বিতীয়ার্ধে দুই দলের খেলায় গতি কিছুটা কমে। ৭৩তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করার দুই মিনিট পর দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান প্রতিমা। এরপর রিয়া দূরপাল্লার শটে এবং ৮৩তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ফাতেমা আক্তার লক্ষ্যভেদ করেন।

শেষ দিকে ফাতেমার শট গোলকিপার দুইবার ফেরালেও তৃতীয়বার ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে উম্মে কুলসুমের শট গোলকিপারের হাত ফসকে বেরিয়ে জালে জড়ালে জয় নিয়ে মাঠ ছাড়ে বিকেএসপি।