Published : 24 Aug 2026, 05:08 PM
ইউএস ওপেনের আগে প্রস্তুতিটা দারুণ হলো কোকো গাউফের। তৃতীয় বাছাই জেসিকা পেগুলাকে হারিয়ে সিনসিনাটি ওপেন জিতলেন দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন তারকা।
সিনসিনাটি ওপেনের নারী এককে ৫৬ বছরের মধ্যে প্রথম অল-আমেরিকান ফাইনালে বাংলাদেশ সময় সোমবার সকালে এক ঘণ্টা ১৪ মিনিটে ৬-২, ৬-৪ গেমে জেতেন গাউফ।
এই বছরে প্রথম শিরোপা জিতলেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়। সিনসিনাটি ওপেনে এটি তার দ্বিতীয় ট্রফি।
২০২৩ সালে এখানে চ্যাম্পিয়ন হওয়ার তিন সপ্তাহ পর গাউফ ইউএস ওপেনে তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন।
গত অক্টোবরে উহানে জয়ের পর প্রথম ডব্লিউটিএ শিরোপা জিতে ফ্ল্যাশিং মিডোসে ফেভারিটদের একটি হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করলেন তিনি।
ইউএস ওপেনের বাছাইপর্ব শুরু হয়েছে গত রোববার, মূল পর্ব শুরু হবে আগামী রোববার।