নারী ফুটবল
Published : 03 Jan 2026, 10:17 PM
নাসরিন একাডেমির জালে গোলের উৎসবের শুরুটা হলো প্রথম মিনিটেই। রাজশাহী স্টার্স ফুটবল ক্লাবের এমন উদযাপন চলল ম্যাচ জুড়ে। দিপা শাহি চারবার পেলেন জালের দেখা। বাংলাদেশ উইমেন’স ফুটবল লিগে আবারও গোল বন্যায় ভেসে গেল শিরোপাধারীরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার নাসরিন একাডেমিকে ১২-০ গোলে হারিয়েছে রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব।
নবাগত দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির কাছে ৮-০ গোলে হেরে যাত্রা শুরু করেছিল নাসরিন একাডেমি। দুই ম্যাচ মিলিয়ে সবশেষ ২০২৩-২৪ মৌসুমের লিগ জয়ীরা গোল হজম করল ২০টি!
কিক অফের পরপরই প্রথম আক্রমণ থেকে রাজশাহী স্টার্সকে এগিয়ে নেন শাহেদা আক্তার রিপা। ২৪তম মিনিটে আবারও জালের দেখা পান এই ফরোয়ার্ড। এই গোলে অবশ্য গোলকিপার সাগরিকা আক্তারের দায় বেশি। দুর্বল কিকে তিনিই বল তুলে দিয়েছিলেন রিপার পায়ে।
ত্রয়োদশ মিনিটে রাজশাহীর বিমলার হেড ক্রসবারে লেগে ফেরে। এর তিন মিনিট পর ডান দিক দিয়ে আক্রমণে ওঠা দিপা পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে, গোললাইনে দাঁড়ানো ডিফেন্ডারের পাশ দিয়ে নিখুঁত শটে ব্যক্তিগত গোলের খাতা খোলেন।
এরপর ৫৮ ও ৮০তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন দিপা। ৮৪তম মিনিটে আবারও লক্ষ্যভেদ করা এই ফরোয়ার্ড হন ম্যাচের সেরা খেলোয়াড়।
জাতীয় দলের নিয়মিতদের নিয়ে গড়া রাজশাহী গোল পায় নিয়মিত বিরতিতে। সুরভী আখন্দ প্রীতি দুই অর্ধে একটি করে, স্বপ্না রানী, আফঈদা খন্দকার, তৃষ্ণা রানী ও আলপি আক্তার দ্বিতীয়ার্ধে একটি করে গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী স্টার্স।
নাসরিন একাডেমিকে উড়িয়ে আসর শুরু করা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি দ্বিতীয় ম্যাচেই দেখেছে মুদ্রার উল্টোপিঠ। বাংলাদেশ সেনাবাহিনী স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে তারা।