১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৫ মিনিটেই কাজ শেষ করে গোল্ডেন মাস্টার্সের দুয়ারে সিনার

ফরাসি ওপেনের কোর্টে নামার আগে আরেকটি শিরোপা জয়ের দুয়ারে নাম্বার ওয়ান তারকা।

১৫ মিনিটেই কাজ শেষ করে গোল্ডেন মাস্টার্সের দুয়ারে সিনার
ইয়ানিক সিনার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 12:38 AM

Updated : 11 Sep 2026, 02:27 PM

দানিল মেদভেদেভকে হারিয়ে প্রথমবারের মতো ইতালিয়ান ওপেনে ফাইনালে উঠেছেন ইয়ানিক সিনার। বাকি পথটুকু সাফল্যের সঙ্গে পাড়ি দিতে পারলেই টেনিস ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে গোল্ডেন মাস্টার্স জয়ের কীর্তি গড়বেন তিনি।

সিনার-মেদভেদেভের সেমি-ফাইনাল ম্যাচটি মূলত ছিল শুক্রবারের। কিন্তু ফল নির্ধারণী তৃতীয় সেটে সিনার যখন ৪-২ গেমে এগিয়ে, তখন বৃষ্টি নামে এবং খেলা স্থগিত হয়ে যায়। শনিবার পুনরায় খেলা শুরুর পর ১৫ মিনিটেই ফাইনাল নিশ্চিত করেন নাম্বার ওয়ান তারকা।

চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনারের জয় ৬-২, ৫-৭, ৬-৪ গেমে।

কোয়ার্টার-ফাইনালে জিতে এটিপি মাস্টার্স-১০০০ এ টানা ৩২ জয়ের রেকর্ড গড়েন সিনার, ভেঙে দেন জোকোভিচের আগের রেকর্ড (৩১)।

এবার ফাইনালে জিতলেই সার্ব তারকা জোকোভিচের পর, দ্বিতীয় জন হিসেবে গোল্ডেন মাস্টার্স (৯টি মাস্টার্স টুর্নামেন্টের সবগুলো জয়) জয়ের কীর্তি গড়বেন সিনার। এখন পর্যন্ত আটটি জিতেছেন তিনি।

রোববার ফাইনালে সিনার খেলবেন কাসপের রুডের বিপক্ষে। নরওয়ের এই টেনিস খেলোয়াড় সেমি-ফাইনালে র‌্যাঙ্কিংয়ের ২০ নম্বর লুসিয়ানো দারদেরিকে ৬-১, ৬-১ গেমে হারান।

এখানে জিততে পারলে আগামী সপ্তাহে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই ফরাসি ওপেন শুরু করবেন সিনার। চার গ্র্যান্ড স্ল্যামের মধ্যে এটাই এখনও জিততে পারেননি ২৪ বছর বয়সী তারকা।