২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এশিয়ান কাপ ফুটসালে অংশ নেওয়ার উদ্যোগ বাফুফের

আগামী সেপ্টেম্বরের বাছাই সমানে রেখে দ্রুত কাজ শুরুর সিদ্ধান্তের কথাও জানিয়েছেন বাফুফে সভাপতি।

এশিয়ান কাপ ফুটসালে অংশ নেওয়ার উদ্যোগ বাফুফের
ঢাকা মেট্রোপলিটন সিটি ইন্টার স্কুল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১২ বিভাগে জয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 08:07 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ডাকে সাড়া দিয়ে প্রথমবারের মতো ফুটসালের আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

এশিয়ান কাপ ফুটসালের ১৮তম আসর আগামী বছরের মে মাসে বসবে ইন্দোনেশিয়ায়। এই আসরের বাছাই শুরু হবে আগামী সেপ্টেম্বরে।

ফুটসালে অংশ নেওয়ার একমাত্র আলোচ্যসূচি নিয়ে শুক্রবার জলসিঁড়িতে বৈঠকে বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটি। বাফুফে ভবনের বাইরে এই সভার কারণ, এ মাঠেই এদিন হয়েছে ঢাকা মেট্রোপলিটন সিটি ইন্টার স্কুল টুর্নামেন্টের ফাইনাল। এই ফাইনালে উপভোগের পাশাপাশি এশিয়ান কাপ ফুটসাল ইস্যুতেও আলোচনা সেরে নিয়েছে কমিটি।

সেপ্টেম্বরের বাছাই সামনে রেখে ফুটসাল কমিটি করেছে বাফুফে। কমিটি দ্রুতই দল গোছানোর কাজ শুরু করবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

“এতদিন দল (ফুটসাল) ছিল না। আমাদের তো শুরু করতে হবে। সেই শুরুর জন্য আজ সভায় বসেছিলাম। ফুটসাল কমিটিকে বলা হয়েছে দল গড়বে। তারা ইতোমধ্যে এ ব্যাপারে আলোচনা করেছে। আমাদের বাছাইপর্ব খেলতে হবে। এরপর ১৬ দল নিয়ে হবে মূল পর্ব। ইন্দোনেশিয়া স্বাগতিক হিসেবে খেলবে। বাকি ১৫ দল আসবে বাছাই খেলে।”

“শুরুতে ৫-৬টি ক্লাব গঠন করা হবে। সেখান থেকে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করব আমরা এবং এরপর দল চূড়ান্ত করা হবে সেপ্টেম্বরের বাছাইয়ে খেলার জন্য।”