১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘রেয়াল মাদ্রিদকে হারাতে পারলে, বার্সাকেও হারাতে পারব’, এস্পানিওল কোচের হুঙ্কার

রেয়াল মাদ্রিদের বিপক্ষে ফেব্রুয়ারির জয়ের প্রেরণা নিয়ে বার্সেলোনার অপেক্ষায় এস্পানিওল কোচ।

‘রেয়াল মাদ্রিদকে হারাতে পারলে, বার্সাকেও হারাতে পারব’, এস্পানিওল কোচের হুঙ্কার
এস্পানিওল কোচ মানোলো গন্সালেস। ছবি: এস্পানিওল ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 09:15 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

লা লিগায় অবনমন এড়ানোর জন্য লড়ছে এস্পানিওল। তাদের সামনে এবার বড় পরীক্ষা, প্রতিপক্ষ যে দারুণ ছন্দে আর শীর্ষে থাকা বার্সেলোনা। তবে ভড়কে যাচ্ছেন না মানোলো গন্সালেস। বরং নগরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী এস্পানিওল কোচ। তার মতে, রেয়াল মাদ্রিদকে হারাতে পারলে বার্সেলোনাকে কেন নয়!

ঘরের মাঠে বৃহস্পতিবার কাতালান ডার্বিতে বার্সেলোনার মুখোমুখি হবে এস্পানিওল। এখানে জিতলে দুই ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতে যাবে হান্সি ফ্লিকের বার্সেলোনা।

অবশ্য বার্সেলোনা মাঠে নামার আগেই তাদের শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে, যদি বুধবার মায়োর্কাকে হারাতে ব্যর্থ হয় রেয়াল মাদ্রিদ।

এদিন সংবাদ সম্মেলনে এস্পানিওল কোচ গন্সালেস বললেন, নিজেদের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু তারা ভাবছেন না।

“আমরা আমাদের নিজেদের ম্যাচে মনোযোগ দিচ্ছি। আমরা জিততে চাই, ভিয়ারেয়াল বা বেতিসের বিপক্ষে যেমন খেলেছি, তেমনই আরেকটি ভালো পারফরম্যান্স দেখাতে চাই। যদি আমরা সেরা রেয়াল মাদ্রিদকে হারাতে পারি, তাহলে বার্সার ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে।” 

“যদি আমাদের সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি, তাহলে আমরা তাদের জন্য কাজ কঠিন করে তুলব। সেই উদ্দেশ্য নিয়েই আমরা মাঠে নামছি। জানি খুব কঠিন ম্যাচ হবে। তাদের জন্য কঠিন করে তুলব।"

ঘরের মাঠে গত ফেব্রুয়ারিতে রেয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছিল এস্পানিওল। ৩৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে তারা। অবনমন অঞ্চলে ১৮ নম্বরে থাকা লেগানেসের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আছে দলটি।