স্পেনের জন্য ধাক্কা
দানি ওলমোর ছিটকে পড়া তার ক্লাব বার্সেলোনার জন্যও দুর্ভাবনার।
বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন একটি ধাক্কা খেয়েছে স্পেন। পেশির চোটের কারণে আসন্ন দুই ম্যাচ থেকেই ছিটকে গেছেন বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমো।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন শুক্রবার বিবৃতিতে জানায়, পায়ে কিছুটা অস্বস্তি নিয়ে গত সোমবার জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ওলমো। তারপর থেকে তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি। শুক্রবার তার অনুশীলন করার কথা ছিল, কিন্তু বাঁ পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করার কথা জানালে পরীক্ষা করানো হয় তার। সেখানেই ধরা পড়ে চোট।
এখন শনিবার ক্লাব বার্সেলোনায় ফিরে যাবেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু বলা হয়নি।
বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শনিবার জর্জিয়া ও আগামী বুধবার বুলগেরিয়ার মুখোমুখি হবে স্পেন। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে লুইস দে লা ফুয়েন্তের দল।
তার ছিটকে পড়া কাতালান ক্লাবটির জন্যও দুর্ভাবনার। চোটের কারণে আগে থেকেই বাইরে আছেন ফের্মিন লোপেস, গাভিসহ কয়েকজন। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ব্যস্ত সূচির মাঝে এই মাসের শেষ সপ্তাহে রেয়াল মাদ্রিদের বিপক্ষেও ম্যাচ আছে বার্সেলোনার।
