২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নতুন মৌসুমে দেম্বেলেকে ‘নতুন উচ্চতায়’ দেখতে চান পিএসজি কোচ

লুইস এনরিকের বিশ্বাস, গত মৌসুমের চেয়ে এবার আরও ভালো করবেন ফরাসি এই ফরোয়ার্ড।

নতুন মৌসুমে দেম্বেলেকে ‘নতুন উচ্চতায়’ দেখতে চান পিএসজি কোচ
উসমান দেম্বেলের সঙ্গে কোচ লুইস এনরিকে (বাঁয়ে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 10:33 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

পিএসজির অধরা চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জয়ে বড় অবদান রাখা উসমান দেম্বেলের কাছে এবার আরও ভালো পারফরম্যান্স চান লুইস এনরিকে। স্প‍্যানিশ কোচের বিশ্বাস, চলতি মৌসুমে নিজেকে নতুন উচ্চতায় তুলতে পারবেন এই ফরোয়ার্ড।

কিলিয়ান এমবাপে থাকার সময়টায় পিএসজিতে আড়ালে ছিলেন দেম্বেলে। গত মৌসুমে ফ্রান্স অধিনায়ক রেয়াল মাদ্রিদে পাড়ি জমালে পাদপ্রদিপের আলোয় উঠে আসেন ২৮ বছর বয়সী দেম্বেলে। মৌসুম জুড়ে আলো ছড়িয়ে ভাসেন স্তুতির জোয়ারে।

২০২৪-২৫ মৌসুমে লিগ আঁয় ২৯ ম্যাচ খেলে ২১টি গোল করেন দেম্বেলে। ৩৪ ম্যাচ খেলে তার সমান ২১ বার জালের দেখা পান মার্সেইয়ের ম্যাসন গ্রিনউড। ২০ গোলও করতে পারেননি আর কেউ। সঙ্গে ৮টি অ্যাসিস্ট আছে দেম্বেলের নামের পাশে।

দেম্বেলের এই পারফরম্যান্স পিএসজির টানা চতুর্থ লিগ শিরোপা জয়ে রাখে বড় ভূমিকা। ফরাসি রাইট উইঙ্গার উজ্জ্বল ছিলেন চ্যাম্পিয়ন্স লিগেও। ১৫ ম্যাচে ৮টি গোল করেন তিনি, অ্যাসিস্ট করেন ৬টিতে। টুর্নামেন্টটির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। 

পিএসজির ফরাসি কাপ জয়ের পথে দেম্বেলে চার ম্যাচে তিনবার পান জালের দেখা। ক্লাব বিশ্বকাপে ৪ ম্যাচে দুটি গোল করেন তিনি। ওই টুর্নামেন্টের ফাইনালে চেলসির বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে ফরাসিদের।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করেন দেম্বেলে। এবারের মৌসুমের শুরুটাও খারাপ হয়নি তার। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে উয়েফা সুপার কাপে দেম্বেলের অ্যাসিস্ট থেকেই শেষ মুহূর্তে সমতা ফেরান গন্সালো রামোস। পরে টাইব্রেকারে নতুন গোলরক্ষক লুকাস শুভালিয়ের নৈপুণ্যে ট্রফি ঘরে তোলে পিএসজি। 

শুক্রবার লিগ ম্যাচে অঁজির মুখোমুখি হবে পিএসজি। আগের দিন সংবাদ সম্মেলনে দেম্বেলের উচ্ছ্বসিত প্রশংসা করেন এনরিকে। তবে চলতি মৌসুমে তার কাছে প্রত‍্যাশা বেড়ে যাওয়ার কথা বললেন স্প্যানিশ এই কোচ।

“আমি মনে করি, এই মৌসুম দেম্বেলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গত বছরটা (তার জন্য) অবিশ্বাস্য ছিল, তবুও আমি বিশ্বাস করি, নিঃসন্দেহে সে তার পারফরম্যান্সে উন্নতি করতে পারবে।”

“দেম্বেলে সম্পর্কে এমন কিছু বলতে অনেক সাহসী হতে হবে, তবে আমার মনে হয়, সে ওই পর্যায়ে পৌঁছে গেছে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আক্রমণের পাশাপাশি রক্ষণ সামলানোর সামর্থ্যও তার আছে। আমি দেখতে পাচ্ছি, সে কতটা খুশি। আশা করি এই বছরটা আরও ভালো হবে।”

নঁতের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টানা পঞ্চম লিগ আঁ শিরোপা জয়ের অভিযান শুরু করেছে পিএসজি।