১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘নতুন বুসকেতসের আগমনে ভয়ঙ্কর হয়ে উঠবে বার্সেলোনা’

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির মাঝে সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার সের্হিও বুসতেকসের ছায়া দেখেন ফরাসি তারকা থিয়েরি অঁরি।

‘নতুন বুসকেতসের আগমনে ভয়ঙ্কর হয়ে উঠবে বার্সেলোনা’
বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 08:11 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

ম্যানচেস্টার সিটি থেকে রদ্রি বার্সেলোনায় এসেছেন বেশিদিন হয়নি। এর মাঝেই দলে ছাপ রাখতে শুরু করে দিয়েছেন তিনি, অন্তত এমনটা মনে করেছেন থিয়েরি অঁরি। স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়কের মাঝে সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার সের্হিও বুসতেকসের ছায়া দেখছেন ফরাসি তারকা।

বার্সেলোনার সাবেক স্ট্রাইকার অঁরির মতে, ‘নতুন বুসকেতস’ কাতালান ক্লাবটির চেহারাই বদলে দেবে। রদ্রির আগমনে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

উত্তর আমেরিকায় স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রদ্রি। মাঠে প্রভাব বিস্তারি পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এর আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগসহ অনেক শিরোপা জিতেছেন তিনি।

২০১০ সালে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন বুসকেতস। মাঝমাঠের নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি রক্ষণে বড় ভূমিকা পালন করতেন তিনি। বার্সেলোনায়ও একই দায়িত্ব পালন করতেন এই ফুটবলার।

বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাজিয়ার খেলোয়াড় বুসকেতস। ক্লাবটির মূল দলের হয়ে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত খেলেছেন তিনি। ওই বছরের জুনে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন এই ফুটবলার।

২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেন অঁরি। ওই সময়ে বুসকেতসকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে তার। এখন মাঠের বাইরে থেকে দেখছেন রদ্রিকে। তাই দুইজনের মধ্যে মিলটা ভালোভাবেই বুঝতে পারছেন তিনি।

লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ৫-০ গোলের জয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলেন রদ্রি। সেই ম্যাচে তার পারফরম্যান্স দেখে অঁরি বলেছেন, আরেকজন বুসকেতস পেয়েছে বার্সেলোনা।

“সে বুসকেতসের চেয়ে ভালো নাকি খারাপ, আমি জানি না। কারণ, এটা সম্পূর্ণ ভিন্ন আলোচনা। তবে কখনো ভাবিনি, আরেকজন বুসকেতসকে দেখতে পাব। আমি তাকে দেখেছি এবং আরেকজনকে দেখছি। বার্সা আরেকজন বুসতেকসকে দলে নিয়েছে।”

“বুসকেতস কখনো ব্যালন দ’র জেতেনি। শাভি কিংবা ইনিয়েস্তাও জেতেনি। বলতে চাচ্ছি, এই খেলোয়াড় (রদ্রি) যদি ফিট থাকে এবং আশা করি, সে চোটে পড়বে না- তাহলে সে পুরো দলকেই বদলে দিতে পারে। তারা ৫-০ গোলে জিতেছে এবং প্রতিপক্ষকে একটিও কাউন্টার-অ্যাটাকের সুযোগ দেয়নি। সে দলের জন্য এটাই নিয়ে আসে। আর এ কারণেই এই দলটি অনেক ভয়ংকর হয়ে উঠবে।”

ফাইনুর্টের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার এবারের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে বার্সেলোনা। এই ম্যাচে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হতে পারে রদ্রির।