‘লিভারপুল কিংবদন্তি’ সালাহকে শুরুর একাদশে না রাখার পরামর্শ রুনির
রক্ষণে সহায়তা না করায় আপাতত মিশরীয় তারকাকে লিভারপুলের বেঞ্চে দেখতে চান তিনি।
দলকে কক্ষপথে ফেরাতে আর্না স্লটকে কঠিন এক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন ওয়েইন রুনি। লিভারপুলের শুরুর একাদশ থেকে মোহামেদ সালাহকে বাদ দিতে বলেছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই স্ট্রাইকার।
মাঠে সময় ভালো কাটছে না লিভারপুলের। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে শনিবার ঘরের মাঠে ৩-০ গোলে হারের পর প্রিমিয়ার লিগে শিরোপাধারীরা নেমে গেছে ১১ নম্বরে। ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা ১১ পয়েন্ট পেছনে।
প্রিমিয়ার লিগের শেষ সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে স্লটের দল। এর মধ্যে সবশেষ দুই ম্যাচে জালের দেখা পায়নি তারা, হজম করেছে ৬ গোল। স্বাভাবিকভাবেই সতীর্থদের মতো কোনো গোল বা অ্যাসিস্ট নেই সালাহর। তবে দা ওয়েইন রুনি শো-তে এই তারকা ফরোয়ার্ডের অন্য একটি দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রুনি।
“সালাহ রক্ষণে তাদের কোনো সাহায্য করছে না। আপনি যদি নবাগত কোনো খেলোয়াড় হন, বেঞ্চে বসে থাকেন এবং তাদের দৌড়াতে না দেখেন- আমি জানি, সে ক্লাব কিংবদন্তি এবং ক্লাবের জন্য যা কিছু করেছে- তবে আপনি যদি বেঞ্চে থাকেন তাহলে সেটা আপনাকে কী বার্তা দেয় যখন আপনি দেখেন, একজন সতীর্থ রক্ষণে সহায়তার জন্য দৌড়াচ্ছে না এবং সে প্রতি সপ্তাহে শুরুর একাদশে থাকছে?”
এভাবে চলতে থাকলে পরিস্থিতির উন্নতির তেমন কোনো সম্ভাবনা দেখেন না রুনি। তার মতে, স্লটের সাহসী সিদ্ধান্তেই কেবল ছন্দে ফিরতে পারে লিভারপুল।
“আমি যদি আর্না স্লট হতাম, তাহলে এমন একটি সাহসী সিদ্ধান্ত নিতাম যা দলের অন্যদের ওপর প্রভাব ফেলত। যখন আপনি জিততে পারবেন না তখন আঁটসাঁট থাকতে চাইবেন যেন হারানো কঠিন হয়।”
“আমি মনে করি, তারা এখন ওই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমি শতভাগ নিশ্চিত, তার (স্লট) একটি সিদ্ধান্ত নেওয়া উচিত এবং দলকে আঁটসাঁট করা উচিত, তাদের যেন হারানো কঠিন হয় এবং সব খেলোয়াড় যেন দৌড়ে রক্ষণে আসে। এরপর যখন তারা জিততে শুরু করবে তখন তাকে ফেরত আনা যাবে এবং আশা করি, সে ততক্ষণে রক্ষণে সহায়তা করতে আরও বেশি দৌড়াবে। আমি মনে করি, নিশ্চিতভাবেই দলে এর একটা প্রভাব পড়বে।”
