Published : 31 May 2025, 12:32 AM
সংস্কারের পর ঢাকা জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে দ্যুতি ছড়ালেন আজমি খাতুন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপির এই স্প্রিন্টার জাতীয় যুব অ্যাথলেটিকসে রেকর্ড গড়ে হলেন দ্রুততম মানবী। একই প্রতিষ্ঠানের রবিউল হাসান অনিক হলেন ১০০ মিটার স্প্রিন্টের কিশোর বিভাগে সেরা।
শুক্রবার প্রতিযোগিতার প্রথম দিনে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে আজমি ১২ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে ভেঙেছেন ২০২৪ সালে বিকেএসপির হয়ে সুমাইয়া আক্তারের (১২ দশমিক ৪৯ সেকেন্ড) গড়া রেকর্ড।
জুনিয়র মিটে প্রথম সোনা জয়ের উচ্ছ্বাস নিয়ে মাগুরা থেকে উঠে আসা আজমির লক্ষ্য ২০২৬ দক্ষিণ এশিয়ান গেমসের বাংলাদেশ দলে জায়গা করে নেওয়া।
“গতবার রুপা পেয়েছিলাম সুমাইয়ার পেছনে থেকে। এবার সেরা হয়েছি। একসাথে আমরা ট্রেনিং করেছি, স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে লড়াই ছিল। সেটা জিতে ভালো লাগছে। আমার এখন লক্ষ্য ২০২৬ সালের সাফের দলে জায়গা করে নেওয়া।”
অনূর্ধ্ব-১৮ বছর বয়সী কিশোর বিভাগে রবিউল সেরা হয়েছেন ১১ দশমিক ১০ সেকেন্ড টাইমিং করে।
১০০ মিটার রিলে (কিশোরী) নতুন জাতীয় রেকর্ড গড়েছে বিকেএসপি। সানজিদা আফরিন পরশমনি, মিম আক্তার, সুমাইয়া আক্তার, আজমি খাতুনরা সময় নেন ৫৫ দশমিক ১২ সেকেন্ড। এই ইভেন্টে ২০১১ সালে ৪৯ দশমিক ৪০ সেকেন্ড নিয়ে আগের রেকর্ডটিও ছিল বিকেএসপির গড়া।
১০০ মিটার রিলেতে (কিশোর) নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বিকেএসপির হয়ে অংশ নেওয়া শিপন, দেলোয়ার, হাবিবুল্লাহ ও জিসান। তারা সময় নেন ৪২ দশমিক ৭০ সেকেন্ড। ২০০৩ সালে ৪৩ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি ছিল বিকেএসপিরই।