১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

র‍্যাশফোর্ডের কাছে বার্সেলোনা কোচের চাওয়া আরও বেশি

ইংলিশ ফরোয়ার্ড নিজেও অবশ্য তার উন্নতির অনেক জায়গা দেখছেন।

র‍্যাশফোর্ডের কাছে বার্সেলোনা কোচের চাওয়া আরও বেশি
মার্কাস র‍্যাশফোর্ড। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 04:02 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ম্যানচেস্টার ইউনাইটেডের সেই হতাশাময় অধ্যায় এখন যেন অনেকটাই পেছনে ফেলে এসেছেন মার্কাস র‍্যাশফোর্ড। বার্সেলোনার মতো দলে এসে নিয়মিত পারফর্ম করছেন তিনি, পাচ্ছেন জালের দেখা। তাকে নিয়ে কোচ হান্সি ফ্লিকও খুব খুশি। তবে, ইংলিশ ফরোয়ার্ডের কাছে আরও গোল চান বার্সেলোনা কোচ।

লা লিগায় রোববার রাতে এলচেকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ৬১তম মিনিটে কোনাকুনি শটে দলের তৃতীয় গোলটি করেন র‌্যাশফোর্ড।  

ম্যাচের শুরুতে দুই মিনিটের ব্যবধানে লামিনে ইয়ামাল ও ফেররান তরেসের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর, বিরতির আগে রাফা মিরের নৈপুণ্যে ব্যবধান কমিয়ে নাটকীয়তার সম্ভাবনা জাগায় এলচে। তবে র‌্যাশফোর্ডের ওই গোলে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। 

গত মৌসুমের শেষ দিকে ইউনাইটেডে ব্রাত্য হয়ে পড়া র‌্যাশফোর্ড এবারের গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দিয়ে যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন। অল্প সময়েই শুরুর একাদশে জায়গা পাকা করেছেন তিনি। তার পারফরম্যান্সে কাতালান ক্লাবটির কোচ ও কর্তারাও বেশ খুশি।

এলচে ম্যাচের পর যেমন ফ্লিক আবারও র‌্যাশফোর্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তবে, তার কাছে আরও বেশি কিছুর প্রত্যাশাও জানালেন জার্মান কোচ।

“সে যতগুলো সুযোগ পেয়েছে সেটা যখন দেখবেন, তখন মনে হবে আরও এক বা দুটি গোল হলে ভালো হতো, সেটা তার জন্যও ভালো হতো।”

“তবে, অবশ্যই তার পারফরম্যান্সে আমরা খুশি হতে পারি। তাকে নিয়ে আমি খুব খুশি। এই পর্যায়ে সে খেলতে পারে এবং আমি খুশি যে সে তা দেখাতে পারছে, সমর্থকদের জন্য ও ক্লাবের জন্য। একই সঙ্গে সতীর্থদের জন্যও সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”

২৮ বছর বয়সী র‌্যাশফোর্ড বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১৩টি গোলে অবদান রেখেছেন, দলের অন্য যে কারো চেয়ে বেশি। ৬টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন তিনি।

ঘরের মাঠের এই ম্যাচে ৭৪তম মিনিটে র‌্যাশফোর্ডকে তুলে চোট কাটিয়ে ফেরা রবের্ত লেভানদোভস্কিকে নামান কোচ।

নিজের পারফরম্যান্সে কিছুটা অসন্তুষ্ট র‌্যাশফোর্ড নিজেও। ম্যাচের পর তিনি সাংবাদিকদের সেই কথাই বলেন।

“মাঠে আমি শুধু সঠিক কাজটা করার চেষ্টা করি। এমনকি আজও আমি বেশি গোল ও অ্যাসিস্ট করতে পারতাম, কিন্তু কখনও কখনও শট নেওয়া ও পাস দেওয়ার সিদ্ধান্ত ভুল হয়।”

“তবে সামনেও এমন দিন কাটাব আমি। সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের সাফল্য এবং আজ আমরা জিতেছি। তাই আমি খুশি।”

১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিরেছে বার্সেলোনা। তাদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।