২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ সাফল্য ভুলে পিএসজিকে নতুন শুরুর তাগিদ দেম্বেলের

গত মৌসুমের ট্রেবল জয়ী দলকে ফের শূন্য থেকে শুরু করতে বললেন ফরাসি ফরোয়ার্ড।

চ্যাম্পিয়ন্স লিগ সাফল্য ভুলে পিএসজিকে নতুন শুরুর তাগিদ দেম্বেলের
উসমান দেম্বেলে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 07:47 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

পিএসজির জন্য গত মৌসুম ছিল সাফল্যে ভরা। ঘরোয়া ফুটবলে শিরোপা জয়ের পাশাপাশি তারা প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদও। তবে সেসব এখন অতীত। নতুন মৌসুমের শুরুতে তাই ক্লাব ও সতীর্থদের ফের শূন্য থেকে শুরু করার তাগিদ দিলেন উসমান দেম্বেলে। আগের দুর্দান্ত সাফল্য ভুলে, সবাইকে আবার প্রস্তুত হতে বললেন ফরাসি ফরোয়ার্ড।

সবে নিজের সেরা মৌসুম কাটিয়ে এসেছেন দেম্বেলে। অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ পিএসজির ‘ট্রেবল’ জয়ে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ফরাসি দৈনিক লু মুন্ডের সঙ্গে আলাপচারিতায় গত মৌসুমের দিকে তাকিয়ে, সতীর্থদের নতুন করে শুরুর বার্তা দিলেন দেম্বেলে।

“গত মৌসুমের সাফল্য ইতিহাসের অংশ। তবে এর পুনরাবৃত্তি করতে চাইলে আমাদের সেই সব ভুলে যেতে হবে। আমরা আবার চ্যাম্পিয়ন হতে চাই। চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় শিরোপা চ্যাম্পিয়নরা তাদের ক্যারিয়ারে দুই বা তিনবার জেতে।” 

“এখনও আমরা খুবই অনুপ্রাণিত। আমাদের দলটা তরুণ, যারা জয়ের জন্য এখনও ক্ষুধার্ত। গত মৌসুমে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, আমরা প্রতি বছর এর পুনরাবৃত্তি করতে চাই।”

গত মৌসুমে ৩৫ গোল করেছেন দেম্বেলে, অবদান রেখেছেন ১৬ গোলে। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ৫-০ ব্যবধানের জয়ই গত মৌসুমে তার কাছে সেরা মুহূর্ত। অন্য গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোও স্মরণ করলেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

“প্রতিযোগিতার এই পর্যায়ে (ফাইনালে) ৫-০ ব্যবধানের জয় প্রতি মৌসুমে ঘটে না। ফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত দল অবিশ্বাস্য একটা ম্যাচ খেলে। সত্যিই সেই সন্ধ্যায় মৌসুমের সেরা আবেগময় অভিজ্ঞতা আমার হয়েছিল।”

“আরেক সেরা মুহূর্ত ছিল লিভারপুলের বিপক্ষে টাইব্রেকারে জয়। সেটা ছিল দারুণ যাত্রার শুরু, অবিশ্বাস্য। এছাড়া সেমি-ফাইনালে আর্সেনালের বিপক্ষে দুটি ম্যাচও (লন্ডনে ১-০ ও প্যারিসে ২-১ ব্যবধানে জয়) একই রকম।”