১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ: বাংলাদেশের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার

আন্তর্জাতিক অভিজ্ঞতা না থাকলেও মেয়েদের নিয়ে আশাবাদী কোচ গোলাম রব্বানী ছোটন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 09:26 PM

Updated : 31 Oct 2022, 06:30 PM

প্রথম আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই আসরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ। এবার নিজেদের মাঠে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ট্রফি ফিরে পেতে উন্মুখ গোলাম রব্বানী ছোটনের দল। 

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হবে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার তৃতীয় আসর। 

২০১৭ সালে প্রথম আসরের আয়োজকও ছিল বাংলাদেশ, সেবার ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিকরা। পরের দুই আসরে ভুটানের মাঠে ভারতের বিপক্ষে হারে মেয়েরা।

এবার মাত্র তিনটি দল অংশ নেওয়ায় গ্রুপ পর্ব থাকছে না। বাংলাদেশ, নেপাল ও ভুটান এই তিন দল অংশ নিচ্ছে। তিন দল বলে রাউন্ড রবিন লিগ ভিত্তিক খেলা হবে, সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। 

গত আসরে রানার্সআপ হওয়ার পথে ভুটানকে ২-০ গোলে এবং নেপালকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরে যায় মেয়েরা। 

ভারত না থাকায় বাংলাদেশের পথ কিছুটা মসৃণ বলাই যায়। তবে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের ‍ভাবনা বাড়াতে পারে বয়সভিত্তিক পর্যায়ে তার বর্তমান দলের মেয়েদের মধ্যে কেবল জয়নব বিবি রিতার বড় পর্যায়ে খেলার অভিজ্ঞতা থাকা। বাকি ২২ জনই অভিষেকের অপেক্ষায়। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে রোববার সংবাদ সম্মেলনে অবশ্য অভিজ্ঞতার কমতি নিয়ে চিন্তিত নন বলে জানালেন ছোটন। গত মাসে সাফ চ্যাম্পিয়নশিপ জেতা এই কোচ আস্থা রাখছেন নতুনদের সামর্থ্যে। 

“মেয়েরা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ঠিকই। তবে এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আমি তাদের নিয়ে আশাবাদী। দুই দলের বিপক্ষে আমরা চারটি ম্যাচ খেলব। আশা করছি, ভালো কিছুই হবে।”

অধিনায়ক রুমা আক্তারকে অনুপ্রেরণা জোগাচ্ছে বড়দের সাফ চ্যাম্পিয়নশিপের সাফল্য। চেনা মাঠে খেলা বলে আরও আশাবাদী তিনি। 

“এক মাস আগে সিনিয়র দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তাদের অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা দেশবাসীর দোয়া চাই, যাতে এখানে সেরা হতে পারি।” 

মঙ্গলবার উদ্বোধনী দিনেই ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৫ নভেম্বর খেলবে নেপালের বিপক্ষে। ফিরতি লেগে ৭ নভেম্বর ভুটান ও ১১ নভেম্বর নেপালের বিপক্ষে খেলবে মেয়েরা।