১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

উরুগুয়ে অধ্যায় শেষের আভাস বিয়েলসার

বিশ্বকাপ দিয়ে উরুগুয়ে অধ্যায়ের ইতি টানতে চান অভিজ্ঞ এই আর্জেন্টাইন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 03:32 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়ন উরুগুয়ের প্রধান কোচ হিসেবে মার্সেলো বিয়েলসার পথচলা শেষ হচ্ছে আসন্ন বিশ্বকাপ দিয়ে। চুক্তি নবায়ন না করার আভাস দিয়েছেন অভিজ্ঞ এই আর্জেন্টাইন কোচ।

উরুগুয়ে ফুটবল অ‍্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার বিয়েলসা বলেছেন, “বিশ্বকাপে শেষ হচ্ছে আমাদের কাজ।”

এনিয়ে বিস্তারিত কিছু বলেননি বিয়েলসা। তবে স্থানীয় গণমাধ‍্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ জুন থেকে ১৯ জুলায় উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় আসর দিয়ে শেষ হবে তার চুক্তির মেয়াদ। এরপর আর এই পদে থাকবেন না ৭০ বছর বয়সী কোচ। 

তৃতীয়বার বিশ্বকাপে কোচিং করাতে যাচ্ছেন বিয়েলসা। ২০০২ সালে তার কোচিংয়ে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ১২ বছর পর ব্রাজিল আসরে শেষ ষোলোয় থেমেছিল চিলি। এবার বড় কিছু অর্জনের দিকে তাকিয়ে অভিজ্ঞ কোচ। 

“যে কোনো পেশাদার ক্রীড়া ক‍্যারিয়ারেই বিশ্বকাপে অংশ নেওয়া বিস্ময়কর ব‍্যাপার। বিশ্বকাপের মতো প্রতিযোগিতা উপভোগ করতে দেওয়ায় আমি আজীবন উরুগুয়ের প্রতি কৃতজ্ঞ থাকব।”

লিডস ইউনাইটেডে সাফল‍্যের পর, ২০২৩ সালে উরুগুয়ের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান বিয়েলসা। লাতিন আমেরিকার বাছাই থেকে দলকে নিয়ে যান বিশ্বকাপের মূল মঞ্চে। ২০২৪ আসরের কোপা আমেরিকায় তৃতীয় হয় উরুগুয়ে।   

অভ‍্যন্তরীন দ্বন্দ্বের জেরে উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেস প্রকাশ‍্যে একবার বিয়েলসার সমালোচনা করেন। এরপর থেকে খেলোয়াড়দের সঙ্গে আর্জেন্টাইন কোচের সম্পর্কের অবনতি ঘটে। তার দল সামালানো নিয়ে সংশয়ও বাড়তে থাকে।    

সাম্প্রতিক সময়ে মাঠে খুব একটা ধারাবাহিক নয় উরুগুয়ে। গত মার্চে তারা গোলশূন‍্য ড্র করেছে ইংল‍্যান্ড ও আলজেরিয়ার বিপক্ষে। আর নভেম্বরে ৫-১ গোলে হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

আগামী ১৫ জুন ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম‍্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে উরুগুয়ে। গ্রুপে তাদের অন‍্য দুই প্রতিপক্ষ কেপ ভার্দ ও স্পেন।