০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইউএস ওপেনের রেকর্ড প্রাইজ মানির ঘোষণা

এই বিশাল অঙ্কের প্রাইজ মানির ঘোষণায়, ‘তুলনামূলক কম প্রাইজ মানি’ নিয়ে সাম্প্রতিক সময়ে ওঠা বিতর্ক হয়তো কিছুটা কমবে।

ইউএস ওপেনের রেকর্ড প্রাইজ মানির ঘোষণা
উইলসন ম‍্যাচ বল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 06:43 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

ইউএস ওপেনের আসছে আসরের জন্য ইতিহাসের সর্বোচ্চ প্রাইজ মানির ঘোষণা দিয়েছে আয়োজকরা। অঙ্কটা বিস্ময় জাগানিয়া, ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

বিশেষ করে গ্র্যান্ড স্ল্যামগুলোয় ‘তুলনামূলক কম প্রাইজ মানি’ নিয়ে সাম্প্রতিক সময়ে প্রতিবাদ করতে দেখা গেছে অনেক তারকা খেলোয়াড়কে। ফরাসি ওপেনের আগে প্রয়োজনে টুর্নামেন্ট বয়কটের আওয়াজও উঠেছিল। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে এই বিশাল অঙ্কের প্রাইজ মানির ঘোষণায় ওই বিতর্ক কিছুটা হলেও থামবে।

নিউ ইয়র্কে আগামী ৩০ অগাস্ট শুরু হবে এবারের ইউএস ওপেনের মূল পর্ব। 

আসরে পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন পাবেন ৫৫ লাখ ডলার করে। গত বছরের চেয়ে যা ১০ শতাংশ বেশি এবং গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে এককের চ্যাম্পিয়নরা আগে কখনও এত বেশি অর্থ পুরস্কার পাননি।

আসরের শুরু থেকেই খেলোয়াড়দের আর্থিক প্রাপ্তির পরিমাণ বাড়ানো হয়েছে। প্রথম রাউন্ডে খেলার জন্য প্রত্যেক খেলোয়াড় পাবেন এক লাখ ৪০ হাজার ডলার, ইউএস টেনিস অ্যাসোসিয়েশনের তথ‍্য অনুযায়ী এটা আগের চেয়ে ২৭ শতাংশ বেশি।  

ইউএস ওপেনের পুরুষ এককের গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস চোটের কারণে অনেক দিন কোর্টের বাইরে আছেন। তবে, শুক্রবার সাড়ে চার মাস পর কোর্টে ফেরার ঘোষণা দিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

আর নারী এককের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। এক যুগের মধ্যে প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা তিনবার এই গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশায় আছেন তিনি, যদিও সাম্প্রতিক সময়ে চেনা ছন্দে নেই বেলারুশের এই তারকা।