Published : 05 Jul 2025, 11:41 AM
এই টুর্নামেন্ট শেষেই চেলসিতে যোগ দেবেন এস্তেভো উইলিয়ান। ‘ছোট মেসি’ নামে খ্যাতি পেয়ে যাওয়া ব্রাজিলিয়ান তরুণ তার প্রতিভার ঝলক দেখালেন চেলসির বিপক্ষেই দুর্দান্ত এক গোলে। সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলল পালমেইরাস। কিন্তু ব্রাজিলিয়ান দলটির সর্বনাশ হলো শেষ দিকে আত্মঘাতী এক গোলে। ওই গোলেই ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেল চেলসি।
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে পা রাখে চেলসি। ফাইনালে ওঠার পথে তারা সামনে পাচ্ছে আরেকটি ব্রাজিলিয়ান দলকে। একই দিনে আরেক কোয়ার্টার-ফাইনালে সৌদি আরবের আল হিলালকে একই ব্যবধানে হারায় ফ্লুমিনেসি।
আল হিলাল ও ফ্লুমিনেসির ম্যাচটিই ছিল আগে। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল কান্নাভেজা। দুর্ঘটনায় মারা যাওয়া পর্তুগিজ তারকা দিয়েগো জটা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় খেলা শুরুর আগে। সেসময় কান্নায় ভেঙে পড়েন আল হিলালের দুই পর্তুগিজ তারকা জোয়াও কান্সেলো ও রুবেন নেভেস। আবেগময় আবহে শুরু হয় খেলা।

আক্রমণ ও পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচে ৪০তম মিনিটে ফ্লুমিনেসিকে এগিয়ে দেন মাতেউস মার্তিনেলি। বক্সের ভেতর থেকে গোলার মতো শটে গোল করেন তরুণ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটেই সমতায় ফেরে আল হিলাল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্মরণীয় জয়ে দুটি গোল করা মার্কোস লেওনার্দো এবারও গোল করে জাগিয়ে তোলেন দলের সম্ভাবনা।
তবে আগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ফ্লুমিনেসির জয়ে শেষ সময়ে গোল করেছিলেন যিনি, সেই এহকুলেস ব্যবধান গড়ে দেন আবারও। এই বছরের শুরুতে দলে যোগ দেওয়া মিডফিল্ডারের আরেকটি গোলে স্বপ্নের সেমি-ফাইনালে পৌঁছে যায় ফ্লুমিনেসি।
ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ড স্টেডিয়ামে পালমেইরাসের বিপক্ষে ম্যাচে দাপট ছিল চেলসিরই। ৬৩ শতাংশ সময় বল ছিল তাদের কাছে। গোলে ১৯টি শট নেয় তারা, লক্ষ্যে ছিল ৬টি। তবে পালমেইরাস লড়াই চালিয়ে জিইয়ে রাখে ম্যাচের উত্তেজনা।
ষোড়শ মিনিটে দর্শনীয় গোলে চেলসিকে এগিয়ে দেন কোল পালমার। ট্রেভো চালোবাহর কাছ থেকে বক্সের একটু বাইরে বল পেয়ে চকিতে দুজনকে ছিটকে ভেতরে ঢুকে দুই ডিফেন্ডারের পাশ দিয়ে বাঁ পায়ের গড়ানো শটে বল জালে জড়ান পালমার। আসরে তার প্রথম গোল এটি।

সুযোগ হাতছাড়ার মহড়ায় প্রথমার্ধে ব্যবধান থাকে ওই এক গোলই। ৫৩তম মিনিটে এস্তেভোর সেই দুর্দান্ত গোল। বক্সের ভেতরে ডান পাশে বল পেয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার লেভি কোলউইলকে পাত্তা না দিয়ে দুরূহ এক কোণ থেকে শট নেন ১৮ বছর বয়সী উইঙ্গার। অবিশ্বাস্যভাবে বল ওপরের পোস্টে লেগে সাইডপোস্টে গোত্তা খেয়ে ঢুকে যায় জালে।
৮৩তম মিনিটে পালমেইরাসের হৃদয় ভাঙার সেই মুহূর্ত। বক্সের বাঁ পাশ থেকে জটলার মধ্যে পাস দেওয়ার জন্য বল বাড়িয়েছিলেন চেলসির মালো গিস্তো। সেটি ঠেকাতে পা বাড়িয়ে দেন পালমেইরাসের আগুস্তিন জিয়াই। তরুণ আর্জেন্টাইন ডিফেন্ডারের পায়ে লেগে গোলকিপারকে বিভ্রান্ত করে বল ঢুকে যায় জালে।
সেই গোলই শেষ পর্যন্ত হয়ে যায় দুই দলের ব্যবধান।
ম্যাচ জিতে সেমি-ফাইনালে পৌঁছে চেলসি কোচ এন্টসো মারেস্কার কণ্ঠে ছিল স্বস্তি।
“প্রত্যাশিতভাবেই কঠিন এক ম্যাচ ছিল। দ্বিতীয়ার্ধের তুলনায় প্রথমার্ধে আমরা একটু ভালো ছিলাম। খেলা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি তখন। তবে ওরা গোলটি করার পর ম্যাচের চিত্র বদলে যায়। তবে শেষ পর্যন্ত আমরা গোল পেয়েছি এবং আমার মতে, জয় আমাদেরই প্রাপ্য ছিল।”
আগামী মঙ্গলবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেমি-ফাইনালে লড়বে চেলসি ও ফ্লুমিনেসি।