১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘গোছানো’ উজবেকিস্তানকে নিয়ে সতর্ক কলম্বিয়া

উত্তর আমেরিকা বিশ্বকাপের প্রথম সপ্তাহে তুলনামূলক ‘ছোট’ দলগুলোর চমক দেখে কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সোর মনে হচ্ছে, অমসৃণ পথে হাঁটতে হবে তাদের।

‘গোছানো’ উজবেকিস্তানকে নিয়ে সতর্ক কলম্বিয়া
কলম্বিয়ার খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 04:56 AM

Updated : 11 Sep 2026, 03:26 PM

সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর উজবেকিস্তান এই প্রথম খেলছে বিশ্বকাপ। ফুটবলের বৈশ্বিক মঞ্চে তাদের তুলনায় নিয়মিত কলম্বিয়া। তবে, তারাও ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের পর এক আসর বিরতি দিয়ে ফিরেছে এই আঙিনায়। অবশ্য এসব অতীত নয়, উজবেকিস্তান ম্যাচ সামনে রেখে, কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সোর দূর্ভাবনা বাড়িয়েছে এবারের বিশ্বকাপের প্রথম সপ্তাহে ‘ছোট’ দলগুলোর কাণ্ড-কারখানা!

বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-১ ড্রয়ে রুখে দিয়েছে মরক্কো। ২০১০ সালের চ্যাম্পিয়ন এবং এবারের আসরের ফেভারিট দলগুলো একটি স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে নবাগত কেপ ভার্দ। 

লরেন্সোর তাই মনে হচ্ছে, উজবেকিস্তান ম্যাচেও তাদের পথচলা মসৃণ হবে না মোটেও। মেক্সিকোর ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। 

“এই বিশ্বকাপ আমাদের দেখাচ্ছে যে, ছোট দল বলে কিছু নেই এবং কাউকেই খাটো করে দেখা উচিত হবে না।”

“ভালো দলগুলোর বিপক্ষে উজবেকিস্তান বিগত সময়ে খুবই ভালো ফল পেয়েছে। তাদের গ্রেট একজন কোচ আছে। চার-পাঁচজন মানসম্পন্ন খেলোয়াড় আছে। সব মিলিয়ে গোছানো একটি দল তারা, যারা জানে, ঠিক কীভাবে খেলতে হয়।”

বাছাইয়ে কলম্বিয়ার জার্সিতে আলো ছড়ান বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড লুইস দিয়াস, অভিজ্ঞ প্লেমেকার হামেশ রদ্রিগেস। তবে অধিনায়ক রদ্রিগেসকে নিয়ে কিছুটা দুর্ভাবনা আছে, সাম্প্রতিক মৌসুমগুলোয় ফিটনেস নিয়ে কিছুটা ভুগতে হয়েছে তাকে।

তবে কোচের আশা, সঠিক সময়ে ঠিকই ব্যবধান গড়ে দিবেন অধিনায়ক।

“হামেশ ভালো করছে। শারীরিকভাবে উন্নতি করছে। মেধা ও মানের কারণে, সে যদি অন্যদের মতো অতটা নাও দৌড়ায়, গুরুত্বপূর্ণ মুহূর্তে, ম্যাচের নির্ণায়ক হয়ে উঠতে পারে।”

ধারনা করা হচ্ছে, আসতেকার গ্যালারিতে ৬৫ হাজারেরও বেশি সমর্থক গলা ফাটাবে কলম্বিয়ার জন্য। আট বছর পর বিশ্বকাপে ফিরে, সমর্থকদের জন্য আনন্দদায়ী পারফরম্যান্স মেলে ধরার প্রতিশ্রুতি দিলেন দলটির এই আর্জেন্টাইন কোচ। 

“কলম্বিয়া মানেই আনন্দ। আমরা ভালো খেলতে চাই এবং মানুষকে হাসির উপলক্ষ এনে দিতে চাই।”