দ্যুতিময় পারফরম্যান্সে সবার সেরা ফোডেন
ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বিচারে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার সিটির এই ইংলিশ মিডফিল্ডার।
চলতি মৌসুমের এখনও কিছুটা পথ বাকি। তবে মৌসুমের শুরু থেকে যে ধারাবাহিকতায় পারফর্ম করে চলেছেন ফিল ফোডেন, তাতে শেষের আগেই সেরার স্বীকৃতি পেয়ে গেছেন তিনি। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বিচারে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার সিটির এই ইংলিশ মিডফিল্ডার।
নারী ফুটবলারদের মধ্যেও সেরা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির এক তারকা, জ্যামাইকান ফরোয়ার্ড খাদিজা শ। শুক্রবার এই দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
২০২৩-২৪ মৌসুমে সিটির আক্রমণভাগে সবচেয়ে কার্যকর একজন হয়ে উঠেছেন ফোডেন। কখনও কেভিন ডে ব্রুইনের সঙ্গে, কখনও আবার আর্লিং হলান্ডের সঙ্গে মিলে প্রায় ম্যাচেই তিনি গড়ে তুলছেন ভয়ঙ্কর জুটি। ম্যানচেস্টার সিটিও এগিয়ে যাচ্ছে প্রথম দল হিসেবে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ জয়ের পথে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ২৪টি গোল করেছেন ফোডেন। একই সঙ্গে সতীর্থদের দিয়ে ১০টি গোল করিয়েছেনও ২৩ বছর বয়সী খেলোয়াড।
