১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিএসজি ও ভক্তদের ব্যালন দ’র উৎসর্গ অশ্রুসিক্ত দেম্বেলের

উসমান দেম্বেলে বললেন, মঞ্চে অনেক চেষ্টা করেও চোখের জল আটকে রাখতে ব্যর্থ হন তিনি।

পিএসজি ও ভক্তদের ব্যালন দ’র উৎসর্গ অশ্রুসিক্ত দেম্বেলের
উসমান দেম্বেলে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 05:47 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

ব্রাজিলিয়ান গ্রেট রোনালদিনিয়োর হাত থেকে যখন ব্যালন দ’র নেন উসমান দেম্বেলে, তার চোখে-মুখে ছিল তৃপ্তির হাসি। পরক্ষণেই অবশ্য আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। মাইকের সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করার সময় চোখে জল চলে আসে তার। পরে পুরস্কারটি পুরো দল ও ভক্তদের উৎসর্গ করেন এই পিএসজি তারকা।

প্যারিসে সোমবার জমকালো অনুষ্ঠানে ২৮ বছর বয়সী দেম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এর পুরস্কার, ব্যালন দ’র ২০২৫। বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জেতেন ফরাসি ফরোয়ার্ড।

গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন দেম্বেলে। এছাড়া এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন ৫৩ ম্যাচ খেলে। সরাসরি গোলে সহায়তা করেন ১৬টিতে।

২০২২ সালে কারিম বেনজেমার পর ব্যালন দ’র জিতলেন ফরাসি কোনো ফুটবলার। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে দেম্বেলে বললেন, মঞ্চে অনেক চেষ্টা করেও কান্না থামাতে পারেননি তিনি।

“আমি কাঁদতে চাইনি, কিন্তু যখনই আমি পরিবার সম্পর্কে কথা বলতে শুরু করলাম, যারা আমার জন্য সবসময় সেখানে ছিলেন, চোখে পানি চলে এলো এবং আমি এটা আটকে রাখতে পারলাম না।”

দেম্বেলের কাছে, ব্যালন দ’র জয় ব্যক্তিগত কোনো অর্জন নয়। তাই সংশ্লিষ্ট সবাইকে এটি উৎসর্গ করেন তিনি।

“এটা কখনোই ব্যক্তিগত লক্ষ্য ছিল না। ব্যক্তিগত দিক থেকে এই ধরণের স্বীকৃতি পাওয়া অসাধারণ। তবে এমন কিছু যখন ঘটে, অবশ্যই, যে কেউই খুশি হয়, আনন্দিত হয়।”

“হ্যাঁ, অবশ্যই, এটা দলের জন্য। যারা আমার ভক্ত, পিএসজির সমর্থক, পুরো ক্লাব, স্টাফ ও দলের সকল খেলোয়াড়ের জন্য এটি।”