Published : 02 Nov 2025, 04:16 PM
সেরা ছন্দে ফেরার যে আভাস দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড, তিন ম্যাচ পরই সেটা মুখ থুবড়ে পড়েছে। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হঠাৎ খেই হারিয়ে খেয়েছে হোঁচট। লিগ টেবিলের অবনমন অঞ্চলের দলের বিপক্ষে পয়েন্ট হারাতে হলেও, ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি অবশ্য এর মাঝেই স্বস্তি পাচ্ছেন। গত মৌসুমে হলে এমন ম্যাচ যে হেরেই যেত তার দল।
নটিংহ্যামের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে শুরুটা বেশ ভালো করে ইউনাইটেড। কাসেমিরোর দারুণ হেডে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই যেন পথ হারিয়ে ফেলে অ্যামুরির দল; ৪৮ ও ৫০তম মিনিটের দুই গোল হজম করে পড়ে যায় হারের শঙ্কায়।
তবে, জোড়া গোলের ধাক্কা সামলে আমাদ দিয়ালোর শেষ দিকের গোলে ২-২ ড্রয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি।
পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অ্যামুরির কাছে প্রশ্ন ছুটে যায় দলের এভাবে আচমকা ছন্দপতন নিয়ে। তিনিও মেনে নিলেন, নিজেদের ভুলেই পয়েন্ট হারাতে হয়েছে।
“হ্যাঁ…আমার মনে হয় এটাই আমার এখনকার অনুভূতি। আমরা পাঁচ মিনিটের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম এবং তার মূল্য চুকিয়েছি।”
“আমার মতে, কিছু বিষয় আমরা ভালো করেছি। আমাদের প্রাণশক্তি কিছুটা কমে গিয়েছিল। আর আমাদের দলের প্রাণশক্তি যখন একটু কমে যায়, তখন সেটা চোখে পড়ে।”
দুটি পয়েন্ট হারানোর হতাশা থাকলেও, এই পর্তুগিজ কোচ বরং যেন খুশি হচ্ছেন হারতে না হওয়ায়; এমন অবস্থায় গত মৌসুমে বেশিরভাগ সময়ই যা হতো।
“পূর্বে, যদি আমরা এভাবে পাঁচ মিনিট খারাপ খেলতাম এবং দুটি গোল হজম করতাম, তাহলে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারতাম না। তবে আজকের আবহ যেন ছিল ভিন্ন। মনে হচ্ছিল, হয়তো আমরা জিততে পারব না, কিন্তু হারবও না। বড় দলের মাঝে কখনও কখনও এমন মানসিকতা থাকা দরকার।”
লিগে টানা চার ম্যাচে অপরাজিত আছে ইউনাইটেড। ১০ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে অ্যামুরির দল আছে সপ্তম স্থানে।
আর শন ডাইসের কোচিংয়ে প্রিমিয়ার লিগে প্রথম পয়েন্ট পেল ফরেস্ট। ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৮ নম্বরে আছে নটিংহ্যাম।