ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 19 Oct 2025, 11:45 PM
মাঠে বল গড়ানোর কিছুক্ষণের মধ্যেই লিভারপুলের জালে জড়াল বল। টানা তিন ম্যাচে হারের ধাক্কায় জর্জরিত দলটি অনেক চেষ্টার পর দ্বিতীয়ার্ধে পেল গোল। কিন্তু ব্যর্থতার গণ্ডি থেকে বের হতে পারল না তারা। উজ্জীবিত পারফরম্যান্সে দারুণ এক জয় তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড।
কয়েক বছর ধরেই নিজেদের খুঁজে ফিরছে ইউনাইটেড। বিপরীতে মৌসুমে দারুণ শুরুর পর হঠাৎ পথ হারিয়ে ফেলেছে লিভারপুল। ছন্দ খুঁজে ফেরা দল দুটিই রোববার প্রিমিয়ার লিগে দারুণ এক লড়াই উপহার দিয়েছে। জমজমাট লড়াই শেষে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ব্রায়ান এমবুমোর গোলে পিছিয়ে পড়ার পর লিভারপুলকে সমতায় ফেরান কোডি হাকপো। এর কিছুক্ষণ পরই ব্যবধান গড়ে দেন হ্যারি ম্যাগুইয়ার।
প্রায় এক দশকে প্রথমবার অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড।
আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে হারল লিভারপুল।
আট ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে ইউনাইটেড। দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারানো লিভারপুল ১৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। তাদের সমান পয়েন্ট নিয়ে বোর্নমাউথ তিন নম্বরে আছে।
১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
ম্যাচ শুরু হতেই ৬৩ সেকেন্ডের মধ্যে শিরোপাধারীদের স্তব্ধ করে দেয় ইউনাইটেড।
ব্রুনো ফের্নান্দেস মাঝমাঠ থেকে ডানদিকে খুঁজে নেন আমাদ দিয়ালোকে। তিনি কিছুটা এগিয়ে ডি-বক্সে থ্রু বল বাড়ান, আর দ্রুত এগিয়ে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন ব্রায়ান এমবুমো।
ভাগ্য সহায় হলে শুরুর ধাক্কা সামলে ২১তম মিনিটে সমতায় ফিরতে পারতো লিভারপুল। গতিময় পাল্টা আক্রমণে সালাহর পাস ধরে এগিয়ে ডি-বক্সের মুখ থেকে কোডি হাকপোর জোরাল শট দূরের পোস্টে প্রতিহত হয়। তিন মিনিট পর একই হতাশা ভর করে ইউনাইটেড শিবিরেও; দলটির অধিনায়ক ফের্নান্দেসের শট কাছের পোস্টে লাগে।
চলতে থাকে একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণ। ৩৩তম মিনিটে হাকপোর আরেকটি প্রচেষ্টা প্রতিপক্ষের একজনের মাথা ছুঁয়ে পোস্টে বাধা পায়।
বিরতির পর চাপ বাড়ায় লিভারপুল। কিন্তু দুর্ভাগ্যের বাধা ও সুযোগ নষ্টের মহড়ায় জালের দেখা আর পাচ্ছিল না তারা।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আরও একবার পোস্টে বল লাগার হতাশায় পোড়ে স্বাগতিকরা; ম্যাচে তৃতীয়বারের মতো হাকপোর শট পোস্টে বাধা পায়। পরের ১৫ মিনিটে কয়েক দফায় ব্যর্থ হন মোহামেদ সালাহ। ৬৫তম মিনিটে ডি-বক্সে দারুণ পজিশনে বল পেয়েও শট লক্ষ্যের ধারেকাছে রাখতে পারেননি এই তারকা স্ট্রাইকার।
গোলের জন্য ১৮তম শটটি নিয়ে অবশেষে হাসি ফোটে লিভারপুল শিবিরে ৭৮তম মিনিটে। ছয় মিনিট আগে আলেকসান্দার ইসাকের বদলি নামা ফেদেরিকো চিয়েসা ডি-বক্সে বাঁ দিক থেকে গোলমুখে খুঁজে নেন হাকপোকে, টোকায় অনায়াসে বাকি কাজ সারেন ডাচ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে দ্বিতীয় সেরা দল হয়ে থাকা ইউনাইটেড গোল হজমের পরই যেন তেতে ওঠে। ছয় মিনিটের মধ্যে জয়সূচক গোলটি পেয়ে যায় তারা। বাঁ দিক থেকে ফের্নান্দেসের ক্রসে লাফিয়ে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যাগুইয়ার।
আগের তিন ম্যাচে প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেস ও চেলসির মাঠে এবং চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের মাঠে হেরেছিল লিভারপুল। ঘরের মাঠে নেমেও ব্যর্থতা ঝেড়ে ফেলতে পারল না আর্না স্লটের দল।
অন্যদিকে, ইউনাইটেড শিবিরে যেন স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। গত নভেম্বরে দায়িত্ব নেওয়া হুবেন অ্যামুরির কোচিয়ে এই প্রথম প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জিতল দলটি।