১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিয়ানমার ম্যাচ কঠিন হবে, তবে…’

আত্মবিশ্বাসী শুরুর পর ‘সবচেয়ে কঠিন পরীক্ষার’ প্রস্তুতি শুরু করেছে পিটার জেমস বাটলারের দল।

‘মিয়ানমার ম্যাচ কঠিন হবে, তবে…’
মিয়ানমার ম্যাচ সামনে রেখে সোমবার মাঠের অনুশীলন ছিল না, মেয়েরা সময় কাটিয়েছে জিম ও সুইমিংপুলে। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

‘জন্মদিনের উপহার কালই দিয়েছে মেয়েরা’, ফোনের ওপাশ থেকে ভেসে এলো মাহবুবুর রহমান লিটুর উচ্ছ্বাসভরা কণ্ঠ। বাহরাইনের বিপক্ষে দাপুটে জয়টাই তার কাছে জন্মদিনের উপহার। স্বপ্নকে ছুঁয়ে যাওয়া ওই জয়ের আনন্দে অবশ্য গা ভাসানোর এতটুকু সময় নেই। সামনেই যে অপেক্ষায় সবচেয়ে কঠিন পরীক্ষা। মিয়ানমারের বিপক্ষে যে লড়াইয়ের ফল হয়ে উঠতে পারে নির্ধারক।

উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে বুধবার স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম রাউন্ডের দুই ম্যাচের ফল এবং দলগুলোর শক্তির বিবেচনায় বাস্তবিক অর্থেই এই ম্যাচের ফল হয়ে উঠতে পারে ‘সি’ গ্রুপ থেকে কোন দল মূল পর্বে উঠবে, সেটার নির্ণায়ক।

তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে যাত্রা শুরু করেছে মিয়ানমার। আর ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ ব্যবধানে গুঁড়িয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। 

সোমবার তহুরা-শামসুন্নাহারদের ছিল না মাঠের অনুশীলন। জিমে, সুইমিংপুলে তারা সময় কাটিয়েছেন, রিকভারি করেছেন। তবে দলের ভাবনাজুড়ে যে মিয়ানমার ম্যাচের উপস্থিতি, তা ঋতুপর্ণার কথায় স্পষ্ট।

“গতকাল আমার ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল। সব মিলিয়ে আসলে আমি... আমার খুব আদরের ছোট ভাই ছিল। কালকে একটা লক্ষ্য ছিল, আমি যদি খেলি ও গোল করি, তাকে উৎসর্গ করব। গোল পেয়েছি এবং গোলটি তাকে উৎসর্গ করেছি।”

“আমাদের প্রথম ম্যাচ শেষ এবং আমরা ভালো একটা ফল নিয়ে বের হয়েছি। এখন আমরা পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজ আমাদের রিকভারি সেশন ছিল এবং সুইমিং ছিল। এখন দ্বিতীয় ম্যাচের জন্য কোচ আমাদের যে দিক নির্দেশনা দেবেন, সেগুলো আমরা কাজে লাগাব এবং সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

মিয়ানমার ম্যাচ সামনে রেখে সোমবার মাঠের অনুশীলন ছিল না, মেয়েরা সময় কাটিয়েছে জিম ও সুইমিংপুলে। ছবি: বাফুফে

মিয়ানমার ম্যাচ সামনে রেখে সোমবার মাঠের অনুশীলন ছিল না, মেয়েরা সময় কাটিয়েছে জিম ও সুইমিংপুলে

ফিফা র্যাঙ্কিংয়ে মিয়ানমার (৫৫তম) বাংলাদেশের (১২৮তম) চেয়ে অনেক এগিয়ে। আফঈদা-মনিকা-মারিয়াদের জন্য মিয়ানমার বাধা পেরুনো কঠিন, তবে অসম্ভব নয়। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার ভাবনা তাই মাথায় রাখতে চাইছেন না টিম ম্যানেজার লিটু; যিনি দীর্ঘদিন ছিলেন সহকারী কোচের দায়িত্বেও।

“আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ম্যাচ ভালো গিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া ম্যাচটি আমরা ভালোভাবে শেষ করেছি। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, পরবর্তী ম্যাচটা যেন ভালোভাবে জিততে পারি। যদিও ম্যাচটা খুব কঠিন হবে এবং মিয়ানমার র্যাঙ্কিংয়ের ৫৫ নম্বর দল। তবে আমরা র্যাঙ্কিং দেখছি না, আসলে আমাদের মেয়েরা যদি ঠিকমতো খেলতে পারে, আশা করি আমরা সফল হব। আশা করি, আমাদের মেয়েরা ভালো করবে।”

“জন্মদিনের উপহার মেয়েরা আমাকে বাহরাইন ম্যাচেই দিয়ে দিয়েছে। মিয়ানমার ম্যাচেও আমি উপহার চাই ওদের কাছে। আমার মনে হচ্ছে, ওদের আক্রমণভাগ আটকে দিতে পারলে ম্যাচ বের করে আনতে পারবে মেয়েরা। এই ম্যাচের ফল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা, বাছাই পেরুতে আমাদের সামনে সবচেয়ে বড় বাধা মিয়ানমারই।”