২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রদ্রিগোকে না খেলানো নিয়ে আলোন্সো, ‘শুধুই আমার সিদ্ধান্ত’

সান্তিয়াগো বের্নাবেউয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় থাকা ব্রাজিলিয়ান উইঙ্গারের ব্যাপারে ক্লাবের কাছ থেকে কোনো নির্দেশনা পাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রেয়াল মাদ্রিদ কোচ।

রদ্রিগোকে না খেলানো নিয়ে আলোন্সো, ‘শুধুই আমার সিদ্ধান্ত’
রেয়াল মাদ্রিদে রদ্রিগোর ভবিষ্যৎ অনিশ্চিত। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 10:14 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

শুরুর একাদশে জায়গা হারিয়েছেন অনেক আগেই। এখন খেলার সুযোগও খুব একটা মিলছে না। নতুন মৌসুমের প্রথম ম্যাচে তো বেঞ্চে বসেই কাটিয়ে দিতে হয়েছে পুরোটা সময়। রেয়াল মাদ্রিদে রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাই ক্রমেই বাড়ছে। যদিও কোচ শাবি আলোন্সো বলছেন, ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিয়ে এখনই চূড়ান্ত কিছু ভেবে নেওয়া উচিত হবে না। একাদশ নির্বাচন কিংবা খেলানোর সিদ্ধান্ত পুরোটাই তার একার।  

গত ক্লাব বিশ্বকাপ দিয়ে রেয়ালের কোচ হিসেবে যাত্রা শুরু হয় আলোন্সোর। আসরে দলের প্রথম ম্যাচে আল-হিলালের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন রদ্রিগো। কিন্তু টুর্নামেন্টে দলের বাকি পাঁচ ম্যাচে আর একাদশে সুযোগ পাননি তিনি। তিনটি ম্যাচে পুরোটা সময়ই তাকে রাখা হয় বেঞ্চে। বাকি দুই ম্যাচ মিলিয়ে খেলানো হয় স্রেফ ২৮ মিনিট।

এবারের লা লিগায় প্রথম ম্যাচে গত মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে পুরোটা সময় রদ্রিগোকে বেঞ্চে রাখেন আলোন্সো। এই স্প্যানিশ কোচ দায়িত্ব নেওয়ার পর সব মিলিয়ে রেয়ালের সাত ম্যাচে কেবল ৯৩ মিনিট খেলার সুযোগ পেয়েছেন রদ্রিগো। 

ওসাসুনার বিপক্ষে ১-০ গোলে জয়ের পর ২৪ বছর বয়সী এই খেলোয়াড়কে না খেলানো নিয়ে আলোন্সো বলেছিলেন, “রদ্রিগো? কিছুই হয়নি। অবশ্যই আমি রদ্রিগোর ওপর আস্থা রাখি। এটা স্রেফ একটি ম্যাচ। এটা আমার সিদ্ধান্ত ছিল।”

নবাগত ওভেইদোর বিপক্ষে লিগ ম্যাচ সামনে রেখে শনিবার সংবাদ সম্মেলনে আবারও একই কথা বললেন রেয়ালের সাবেক মিডফিল্ডার আলোন্সো।

“আমার মতে, মৌসুম ও দলে আমার যাত্রা কেবল শুরু হয়েছে। আমরা মাত্র একটি ম্যাচ খেলেছি। খেলা ও প্রথম একাদশ সাজানোর সকল সিদ্ধান্ত শুধুই আমার। আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলি এবং অবশ্যই রদ্রিগোর সঙ্গেও কথা বলেছি।”

সংবাদমাধ্যমের খবর, রদ্রিগোকে পেতে আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু পরে সেখান থেকে সরে এসেছে ইংলিশ ক্লাবটি।