১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইয়ামালকে ঘিরে ড্রেসিং রুমে উত্তেজনার খবর উড়িয়ে দিলেন ওলমো

‘উভয় পক্ষই খেলোয়াড়ের জন্য সবচেয়ে ভালোটা চায় এবং বাইরের উত্তেজনা দলকে প্রভাবিত করে না’, বললেন বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমো।

ইয়ামালকে ঘিরে ড্রেসিং রুমে উত্তেজনার খবর উড়িয়ে দিলেন ওলমো
লামিনে ইয়ামাল (বাঁয়ে) ও দানি ওলমো

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

উত্তপ্ত পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করছিল, তখনই আবার নতুন করে উত্তেজনা। লামিনে ইয়ামালের চোট নিয়ে তার ক্লাব বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মধ্যে দ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। স্পেনের ড্রেসিং রুমে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে বলেও খবর চাউর হয়েছে। এই দুই দলেরই আরেক ফুটবলার দানি ওলমো অবশ্য সেসব উড়িয়ে দিয়ে বললেন, উভয় পক্ষই খেলোয়াড়ের জন্য সবচেয়ে ভালোটা চায় এবং বাইরের উত্তেজনা দলকে প্রভাবিত করে না।

কুঁচকির চোটে এই মৌসুমে এরই মধ্যে ক্লাবের পাঁচটি ও জাতীয় দলের দুটি ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। স্পেনের গত মাসের দুই ম্যাচের মতো বিশ্বকাপ বাছাইয়ে আসছে দুই ম্যাচে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষেও খেলতে পারবেন না ১৮ বছর বয়সী উইঙ্গার।

ম্যাচ দুটির জন্য যেদিন ইয়ামালের জাতীয় দলে যোগ দেওয়ার কথা, সেদিনই বার্সেলোনা তার রেডিওফ্রিকোয়েন্সি অস্ত্রোপচার করানোর খবর দিলে নতুন করে বিতর্ক শুরু হয়। 

জাতীয় দলের মেডিকেল স্টাফকে আগেভাগে না জানিয়ে ইয়ামালের অস্ত্রোপচার করানো হয়েছে দাবি করে বিস্ময় ও হতাশা প্রকাশ করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, “আগে কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হইনি আমি। আমার মনে হয় না এটা খুব স্বাভাবিক, ঘটনাটি আমাদের সবাইকে বিস্মিত করেছে।”

ইয়ামালের চোট নিয়ে তার ক্লাব ও জাতীয় দলের মধ্যে এই টানাপোড়েনের সূত্রপাত হয় গত সেপ্তেম্বরে। ওই মাসে বিশ্বকাপ বাছাইয়ে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে ইয়ামালকে ৭৯ ও ৭৩ মিনিট খেলানোর সমালোচনা করেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। কুঁচকিতে কিছুটা সমস্যা নিয়ে তখন স্পেন দলে যোগ দিয়েছিলেন এই তারকা। জাতীয় দলের সঙ্গে থাকাকালীন সমস্যাটা আরও বেড়ে যায়। স্পেন দল ঠিকমতো তার যত্ন নেয়নি বলে অভিযোগ করেন ফ্লিক। সেই অভিযোগ উড়িয়ে দেন স্পেন কোচ।

দীর্ঘস্থায়ী কুঁচকির চোট কয়েক সপ্তাহ ভোগানোর পর মাঠে নেমে যখন ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন ইয়ামাল, যখন স্পেন দলে যোগ দেওয়ার দুয়ারে তিনি, তখনই তার অস্ত্রোপচারের খবর জানিয়ে বিতর্ক উস্কে দিয়েছে বার্সেলোনা। জাতীয় দলের সঙ্গে থাকা ওলমো শুক্রবার স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র সঙ্গে আলাপে দাবি করলেন, দলের ভেতর সবকিছু পুরোপুরিই স্বাভাবিক আছে।

“আমার মনে হয় না, দলের ভেতর আমরা এতটা উত্তেজনা অনুভব করি। ক্লাব ও জাতীয় দল উভয়ই সবসময় খেলোয়াড়ের জন্য সবচেয়ে ভালোকিছুর খোঁজ করে এবং উভয় পক্ষের মধ্যে কোনো সমস্যা দেখিনি আমি। মূলত উভয় পক্ষই খেলোয়াড়ের জন্য সেরাটা চায়। যদি লামিনে এখন শতভাগ ফিট না থাকে এবং হতে না পারে, তাহলে কোনো সমস্যা নেই। বার্সা ও জাতীয় দল উভয়ের জন্যই লামিনে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমাদের তাকে শতভাগ ফিট প্রয়োজন।”

“বার্সা সবসময় ক্লাবের ভেতরে ও বাইরে উভয় ক্ষেত্রে অনেক আলোচনার জন্ম দেয়। তবে যেমনটা আমি আগেই বলেছি, এটা আমাদের উদ্বিগ্ন করে না, আর বাইরে থেকে যে উত্তেজনার খবর মেলে, সেটাও আমরা অনুভব করি না। ভেতরে সবকিছুই পুরোপুরি স্বাভাবিক, সবসময় খেলোয়াড়ের স্বার্থের দিকে নজর রাখা হয়।”