Published : 18 Nov 2025, 06:37 PM
বোনাস পয়েন্ট পেয়ে শুরু করা বাংলাদেশ পাঁচ মিনিটের মধ্যেই জার্মানিকে একদফা অল আউট করে দিল। ম্যাচের বাকিটা সময়েও আধিপত্য ধরে রেখে নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল স্মৃতি-রূপালিরা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার ৫৭-২৭ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। উগান্ডাকে ৪৪-২২ পয়েন্টে উড়িয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল স্বাগতিকরা।
প্রথমার্ধে জার্মানিকে চেপে ধরে দ্বাদশ মিনিটের মধ্যেই দুইবার অল আউট করে বাংলাদেশ। তারা তখন এগিয়ে ছিল ২২-৫ পয়েন্টে। ১৯ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে জার্মানি কিছুটা প্রতিরোধ গড়ে, তবে উজ্জীবিত বাংলাদেশকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। এই অর্ধেও প্রতিপক্ষকে দুইবার অল আউট করেন শ্রাবণী-বৃষ্টিরা।
নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার বিশ্বকাপের শিরোপাধারী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
শক্তি-সামর্থ্যে ভারত এগিয়ে থাকলেও টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে থাকার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক রূপালি আক্তার।
“সবাই বিশ্বকাপে ভালো করার ইচ্ছা নিয়ে আসে। জার্মানি ওদের মতো করে চেষ্টা করেছে। আমাদের লক্ষ্য ছিল জিতে ভারত ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া, আমরা সেটা করতে পেরেছি।”
“সামনে আমাদের ভারতের সাথে খেলা, আমরা ভালো খেলার চেষ্টা করব। কেননা, ওরা এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো দল। তবে টানা দুই জয় পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস, মনোবল অনেক বেড়েছে।”
দিনের শুরুতে ৬৫-২০ পয়েন্টে থাইল্যান্ডকে উড়িয়ে গ্রুপ পর্ব শুরুর পর ভারত অধিনায়ক ঋতু নেগি বললেন, বাংলাদেশ ম্যাচ নিয়ে চাপ তেমন একটা অনুভব করছেন না তারা।
“বড় জয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে খুবই ভালো লাগছে। যারা এই বিশ্বকাপের আয়োজন করেছে গোছালোভাবে, সুন্দর মাঠ, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।”
“খুবই ভালো প্রস্তুতি নিয়ে আমরা এখানে এসেছি। পরিশ্রম করেছি। চাপের কথা যদি বলি, ইতোমধ্যে আমরা অনেক ম্যাচ খেলেছি। বাংলাদেশ আয়োজক দেশ, দর্শকরা তাদের পক্ষে থাকবে, তবে আমরা অনেক প্রস্তুতি নিয়েই এখানে এসেছি। খুবই আত্মবিশ্বাসী আমরা।”