ইংলিশ ফুটবল
Published : 28 Dec 2025, 08:23 AM
হার দিয়ে এবারের লিগ মৌসুম শুরু করা ম্যানচেস্টার সিটি এখন দুর্দান্ত ছন্দে ছুটছে। একের পর এক ম্যাচ জিতে চলেছে দলটি। সবশেষ লড়াইয়ে নটিংহ্যাম ফরেস্টকে হারানোর পথে অবদান রাখা টিজানি রেইন্ডার্স বললেন, আরও জয়ের খোঁজে আছেন তারা।
নটিংহ্যামের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচ ২-১ গোলে জেতে সিটি। রেইন্ডার্সের গোলে এগিয়ে যাওয়া পেপ গুয়ার্দিওলার দলের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন হায়ান শের্কি।
লিগে এ নিয়ে টানা ছয় ম্যাচ জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে সিটি। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে হারিয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
প্রিমিয়ার লিগে ফরেস্টের বিপক্ষে আগের ম্যাচ হতাশায় কেটেছিল সিটির। গত মার্চের ওই ম্যাচটিও তারা খেলেছিল প্রতিপক্ষের মাঠে, হেরেছিল ১-০ গোলে। এবার ম্যাচের আগে তাই বাড়তি সতর্ক ছিল দল।
ফরেস্টের আঙিনায় খেলা কঠিন, শুনেছেন গত গ্রীষ্মের দলবদলে সিটিতে যোগ দেওয়া রেইন্ডার্স। এবার সেখানে খেলে সেই উপলব্ধি হয়েছে তারও, ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসে বললেন ডাচ মিডফিল্ডার।
“আমরা জানি, এখানে (নটিংহ্যামের মাঠে) অনেক ক্লাবই ভোগান্তিতে পড়ে। আমি যতটুকু শুনেছি, নটিংহ্যাম ফরেস্টের ঘরের মাঠে খেলা সবসময়ই কঠিন এবং এটা সত্যি, আমিও তেমনটা অনুভব করেছি। এটা অনেক গুরুত্বপূর্ণ জয় এবং আমরা আরও জয়ের খোঁজে আছি।”
“তারা আমাদের (ফাঁকা) জায়গাই দিচ্ছিল না, এতে মার্কিং ছাড়া কাউকে খুঁজে নেওয়া খুবই কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে আমরা ফর্মেশনে কিছুটা বদল আনি এবং এতে আগের চেয়ে বেশি জায়গা পাওয়া শুরু করি।”
বল দখল ও আক্রমণে আধিপত্য করলেও প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি সিটি। পরে খেলায় বদল এনে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফরেস্টের বাধা ভাঙে দলটি। ৪৮তম মিনিটে শের্কির থ্রু বল ডি-বক্সে ধরেই প্লেসিং শটে সিটিকে এগিয়ে নেন রেইন্ডার্স।
ফরাসি মিডফিল্ডার শের্কির উচ্ছ্বসিত প্রশংসাও করেন রেইন্ডার্স।
“দ্বিতীয়ার্ধে আমাকে উপরের দিকে খেলতেই হতো, যাতে তারা কাকে থামাবে সেই সমস্যায় পড়ে। গোলটি এটার উপযুক্ত উদাহরণ। এসব পাসে সতীর্থকে খুঁজে নিতে খুব ভালো জানে শের্কি, আর এটাও জানে আমি গোল করতে পারব। সে খুবই ভালো, সে জায়গা খুঁজে নেয়, আর যখনই তার কাছে বল থাকবে আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং সঠিক জায়গায় থাকতে হবে।”