১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আলাভেস ম্যাচ দিয়ে ফিরছেন পেদ্রি

লা লিগার ম্যাচটিতে স্প্যানিশ মিডফিল্ডারকে কিছু সময়ের জন্য হলেও খেলাবেন, জানিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

আলাভেস ম্যাচ দিয়ে ফিরছেন পেদ্রি
বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 06:56 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠেছেন পেদ্রি। আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন বার্সেলোনার এই স্প্যানিশ মিডফিল্ডার।

অক্টোবরের একেবারে শেষ দিকে এই চোটে পড়েন পেদ্রি। যার ফলে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজ ও চেলসির বিপক্ষে খেলতে পারেননি তিনি। লা লিগায় মাঠে নামতে পারেননি এলচে, সেল্তা ভিগো ও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।

কাম্প নউয়ে শনিবার আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিনের সংবাদ সম্মেলনে এই ম্যাচ দিয়ে পেদ্রির ফেরার বিষয়টি নিশ্চিত করেন কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিক।

“আলাভেসের বিপক্ষে অবশ্যই সে কিছু সময় খেলবে, তবে শুরু থেকে নয়। দেখা যাক। প্রথমার্ধেও সে কিছুক্ষণ খেলার সুযোগ পেতে পারে…”

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে দুটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন ২৩ বছর বয়সী পেদ্রি।

লা লিগায় ১৩ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শিরোপাধারী বার্সেলোনা। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার চেলসির মাঠে ৩-০ গোলে ভরাডুবি হয় বার্সেলোনার। আসছে ম্যাচটি তাই দলটির ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও।