ইউনাইটেডের নতুনদের মধ্যে রুনির কাছে সেরা এমবুমো
এক সময়ে ক্যামেরুনের এই ফরোয়ার্ডের সামর্থ্য নিয়ে সন্দিহান হলেও এখন তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের যোগ্য মানছেন তিনি।
গ্রীষ্মে ব্রায়ান এমবুমোকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শুরুতে কিছুটা সংশয় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনির। তবে সময়ের সঙ্গে তার সেই ভাবনা বদলে গেছে। ধারাবাহিক পারফরম্যান্সে রুনির আস্থা অর্জন করেছেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড।
ব্রেন্টফোর্ড থেকে ৭ কোটি পাউন্ডের বেশি খরচ করে এমবুমোকে দলে নেয় ইউনাইটেড।
ব্রাইটনের বিপক্ষে শনিবার জোড়া গোল করে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির জয়ে বড় ভূমিকা রাখেন এমবুমো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে এটি ছিল তার পঞ্চম গোল। অ্যানফিল্ডে দলের হয়ে প্রথম গোলটিও তিনিই করেছিলেন। সেদিন ২০১৬ সালের পর প্রথম লিভারপুলের মাঠে জিতেছিল ইউনাইটেড।
দা ওয়েইন রুনি শো-তে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার মন্তব্য করেছেন, এমবুমোর মধ্যে আছে ইউনাইটেড খেলোয়াড়ের সত্যিকারের মানসিকতা।
“ইউনাইটেডে সে (এমবুমো) ম্যাচগুলোতে দারুণ কিছু সুযোগ পেয়েছিল… সে সবসময় সেগুলো কাজে লাগাতে পারেনি। তবে তার প্রাণশক্তি, পরিশ্রম আর আকাঙ্ক্ষা… ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হতে চাইলে এসব আপনার লাগবে।”
“হ্যাঁ, আমি স্বীকার করছি শুরুতে বলেছিলাম, আমি কিছুটা অনিশ্চিত ছিলাম। তবে আমি মনে করি, সে দেখিয়েছে যে সে এখানে থাকার যোগ্য। অবশ্যই (মাথেউস) কুইয়াও এসেছে এবং এটা দারুণ ব্যাপার যে সে গোল পেয়েছে। কিন্তু এমবুমো পারফরম্যান্সে সবচেয়ে ধারাবাহিক, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি নিয়মিত সঠিক জায়গায় যান, সুযোগ তৈরি করেন, গোল হবেই। গত মৌসুমে ব্রেন্টফোর্ডের হয়ে ওর গোল ছিল ২০টি? আর এখন সে আবারও ভালো শুরু করেছে।”
এমবুমোকে নিয়ে এখন রুনির উচ্ছ্বাসের যেন শেষ নেই। তার মতে, ইউনাইটেডের নতুন খেলোয়াড়দের মধ্যে ক্যামেরুনের এই ফরোয়ার্ডই সেরা।
“এই মুহূর্তে এমবুমোর আত্মবিশ্বাস তুঙ্গে। আশা করি, এটা অব্যাহত থাকবে। কারণ, এখন পর্যন্ত চলতি মৌসুমে ইউনাইটেডের সেরা সাইনিং সে।”
ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে ইউনাইটেড। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
