১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউএস ওপেন শুরুর আগেই শেষ নাম্বার ওয়ান সিনারের

ফলে সেরা বাছাই হিসেবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেলবেন চোট কাটিয়ে ফেরা কার্লোস আলকারাস।

ইউএস ওপেন শুরুর আগেই শেষ নাম্বার ওয়ান সিনারের
ইয়ানিক সিনার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 10:14 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

দুর্ভাগ্যের বাধায় শেষ হয়ে গেল ইয়ানিক সিনারের ইউএস ওপেনের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন। হাঁটুর চোটে ছিটকে গেলেন পুরুষ র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়।

গত জুলাইয়ে উইম্বলডন জয়ের পর থেকে, হাঁটুর সমস্যায় আর কোর্টে নামেননি ২৫ বছর বয়সী এই ইতালিয়ান। তবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের লড়াইয়ে নামার পথেই ছিলেন তিনি; কিন্তু শেষ পর্যন্ত সেটা আর পারলেন না তিনি।

চোটের ছোবলে সাড়ে চার মাস বাইরে থাকার পর, আগের দিন ইউএস ওপেনে খেলার ঘোষণা দেন র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাস। সময়ের সেরা দুই খেলোয়াড়ের সম্ভাব্য শিরোপা লড়াই নিয়ে যখন জল্পনা শুরু হচ্ছিল, তখনই নিজেকে সরিয়ে নিলেন সিনার।

স্প্যানিশ তারকা আলকারাসের অনুপস্থিতিতে চলতি বছরের বেশিরভাগ ট্যুরে ছড়ি ঘুরিয়েছেন সিনার এবং তাতে র‌্যাঙ্কিংয়েও পরিষ্কার ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছেন তিনি।  

এবার সেই আধিপত্য ধরে রাখার সুযোগই পাচ্ছেন না এককে মোট পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনার।

“আমার দল ও মেডিকেল স্টাফদের সঙ্গে কঠোর পরিশ্রম করার পরও, এই বছর ইউএস ওপেনে না খেলার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।

“গত কয়েক দিনে আমরা মন্তে কার্লোয় কোর্টে নেমেছি এবং বুঝতে পেরেছি যে, আমার ডান হাঁটুর সমস্যা কাটিয়ে উঠতে এখনও কিছুটা সময় লাগবে। অবশ্যই আমার খুব খারাপ লাগছে, আমি হতাশ, কারণ নিউ ইয়র্ক আমার হৃদয়ে স্পেশাল একটা জায়গা জুড়ে আছে।”

আগামী ৩০ অগাস্ট শুরু হবে ইউএস ওপেনের মূল পর্ব।