২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘অস্ট্রিয়ার বিপক্ষে হারের জবাব এই জয়’, রোমানিয়াকে উড়িয়ে বললেন হাকপো

রোমানিয়াকে হারানোর পর এই ডাচ ফরোয়ার্ড বলেন, তাদের কখনোই মনে হয়নি ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে পারে নেদারল্যান্ডস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 08:22 AM

Updated : 10 Sep 2026, 12:10 PM

রোমানিয়াকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে ওঠার আনন্দের পাশাপাশি অন্যরকম তৃপ্তিও অনুভব করছেন কোডি হাকপো। অস্ট্রিয়ার বিপক্ষে হারের পর যে সমালোচনা শুনতে হয়েছিল, তারও জবাব দেওয়া হলো বলে মনে করেন এই ডাচ ফরোয়ার্ড।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে ৩-০ গোলে রোমানিয়াকে হারায় নেদারল্যান্ডস। প্রথমার্ধে হাকপো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ দিকে জোড়া গোল করেন ডোনিয়েল মালেন।

পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরুর পর দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল নেদারল্যান্ডস। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে রোনাল্ড কুমানের দল অস্ট্রিয়ার বিপক্ষে হেরে যায় শেষ দিকের গোলে ৩-২ ব্যবধানে।

ওই হারের পর ধেয়ে আসে সমালোচনার তীর। রোমানিয়ার বিপক্ষে জয়ের পর হাকপোর তাই মনে হচ্ছে, জবাব দিতে পেরেছেন তারা।

“সবশেষ ম্যাচের আমাদের পারফরম্যান্সের জবাব ছিল এটি (জয়)- আমরা ভালো খেললাম, দারুণ সব গোল করলাম, ভালো ফুটবল উপহার দিলাম।”

“অবশ্যই আরও ভালো করতে পারি আমরা, কিন্তু সবশেষ ম্যাচের পর এটা আমাদের ভালো ফুটবলের প্রদর্শনী। পরের ধাপে যাওয়ার জন্য ভালো একটা পদক্ষেপ। যদিও তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ ছিল, কিন্তু ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল বলেই মনে হয়েছে।”

সাহসী ফুটবল খেলা রোমানিয়াকে ২০তম মিনিটে হাকপোর গোলেই চাপে ফেলে দেয় নেদারল্যান্ডস। নিচু নিখুঁত শটে গোলটি করা এই ফরোয়ার্ড বললেন, দারুণ আত্মবিশ্বাসী ছিলেন তারা।

“এইভাবে (গোল করে) দলকে চিন্তামুক্ত করা দারুণ ব্যাপার। আমরা কখনই অনুভব করিনি, ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে পারি আমরা।”