Published : 19 Aug 2026, 03:29 PM
রদ্রির সঙ্গে একাধিকবার কথা বলেছিলেন জোসে মরিনিয়ো। সেই কথোপকথনেই স্প্যানিশ তারকার মনে দ্বিধা ও সংশয়ের ছাপ দেখতে পান রেয়াল মাদ্রিদ কোচ। স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে রেয়ালে আনার আলোচনা সেখানেই থমকে যায় বলে দাবি করলেন মরিনিয়ো।
এবারের দলবদলের মৌসুমের সবচেয়ে চমকপ্রদ মোড়বদল ছিল রদ্রির ঘটনাই। বিশ্বকাপের সেরা ফুটবলার রেয়াল মাদ্রিদে যেতে আগ্রহী বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় দফায় দফায় এবং এক পর্যায়ে রেয়ালও আগ্রহী হয়। আলোচনা শুরুর খবরও জানা যায়। তবে সেই আলোচনা এক পর্যায়ে ভেস্তে যায় এবং নাটকীয়ভাবে বার্সেলোনা দৃশ্যপটে চলে আসে।
ক্রমেই বার্সেলোনার সম্ভাবনা উজ্জ্বল হয় এবং মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কাতালান ক্লাবটি জানায়, চার বছরের চুক্তিতে রদ্রিকে নিয়েছেন তারা। একই দিনে রেয়ালের নতুন কোচ হিসেবে মরিনিয়োকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়, যদিও কাজ শুরু করে দিয়েছেন তিনি বেশ আগেই।
রেয়ালে প্রত্যাবর্তনের পর মরিনিয়ো প্রথম সাক্ষাৎকার দিলেন স্পেনের ‘এল চিরিঙ্গিগো’ টিভিতে। সেখানেই উঠে এলো রদ্রির প্রসঙ্গ এবং ৬৩ বছর বয়সী কোচ বেশ খোলামেলাই তুলে ধরলেন ঘটনা।
“(রদ্রির সঙ্গে) কয়েকবার কথা বলেছি আমি। রেয়াল মাদ্রিদ তাকে খুব ভালো একটি প্রস্তাব দিয়েছিল। আমি মনে করি রেয়াল মাদ্রিদ এবং সিটির মধ্যে সম্পর্ক খুব ভালো। ক্লাবটি তাকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে। রদ্রির মনে সংশয় ছিল, সে দ্বিধায় ছিল, এবং আমি মনে করি, যা ঘটেছে তা হলো, রদ্রির সেই সংশয়গুলো আমার মনেও সংশয় তৈরি করেছে।”
“সে অসাধারণ ফুটবলার। কিন্তু আমি মনে করি রেয়াল মাদ্রিদ এতটাই বড় ক্লাব যে, আমরা এমন ফুটবলারকে রাখতে পারি না, যারা কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করে। এটাই আমাদের নীতি। কিন্তু সে আমাদের সঙ্গে যথাযথ আচরণ করেছে এবং আমি তার মঙ্গল কামনা করি।”
বার্সেলোনায় যোগ দেওয়ার পর রদ্রি বলেন, এই ক্লাবই তার প্রথম পছন্দ ছিল এবং এখানে খেলতে পারা তার জন্য স্বপ্নের মতো ব্যাপার।
রদ্রি-অধ্যায় পেছনে ফেলে মরিনিয়ো তাকাচ্ছেন সামনে। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত এই ক্লাবের কোচ ছিলেন তিনি। তার সেই সময়টা ছিল নানা কারণেই তুমুল আলোচিত। এবার তাকে ফেরানো হয়েছে গত দুই মৌসুমে ক্লাব শিরোপাহীন থাকার পর।
গত মৌসুমে রেয়ালের ড্রেসিং রুমের অস্থিরতা, ফুটবলারদের সম্পর্কের টানাপোড়েন, কোচ শাবি আলোন্সো ও পরে ভারপ্রাপ্ত কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে কিছু ফুটবলারের দ্বন্দ্বের খবর, সব মিলিয়ে ক্লাব ছিল টালমাটাল। তবে মরিনিয়ো এবার দেখতে পাচ্ছেন ভিন্ন চিত্র।
“আমি এমন একটি ড্রেসিংরুম পেয়েছি, যাদের জেতার তাড়না প্রবল। খুবই খোলামেলা, সাধারণ বোধসম্পন্ন ড্রেসিংরুম পেয়েছি। প্রথম দিন থেকেই, আগ্রাসী নেতা হওয়ার কোনো সুযোগ পাইনি আমি—যদিও প্রয়োজনে আমি তা হতে পারি—তবে তারা আমাকে আমার সেই রূপ নেওয়া থেকে রক্ষা করেছে। তাদের আচরণ প্রশ্নাতীত।”
দলবদলের উইন্ডো শেষ হওয়ার আগে আরও ফুটবলার দলে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মরিনিয়ো। তবে এখনকার স্কোয়াড নিয়েও তিনি সন্তুষ্ট।
“আমি বলব না যে আরও ফুটবলার আসবে না। বাজার তো খোলা আছে। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে স্কোয়াডটি উপযুক্ত কি না, আমি বলব, ‘হ্যাঁ, এই স্কোয়াড আমার পছন্দের।”
এস্পানিওলের মাঠে ম্যাচ দিয়ে শনিবার লা লিগার শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করবে রেয়াল মাদ্রিদ।