২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

গোলরক্ষকের শিশুতোষ ভুল, লিডসের মাঠে বিধ্বস্ত চেলসি

প্রায় ২০ বছর পর প্রিমিয়ার লিগের ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে হারল চেলসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 09:47 PM

Updated : 21 Aug 2022, 10:05 PM

অবিশ্বাস্য, অভাবনীয় এক ভুল করে বসলেন চেলসির গোলরক্ষক এদুয়াঁ মঁদি। তাতে লিডস ইউনাইটেডের জন্য খুলে গেল গোলের দুয়ার। উজ্জীবিত পারফরম্যান্সে পরে তারা প্রতিপক্ষের জালে বল পাঠাল আরও দুবার। ধরা দিল অসাধারণ এক জয়।

প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম হারের স্বাদ পেল চেলসি। লিডসের মাঠে রোববার টমাস টুখেলের দল হেরে গেল ৩-০ গোলে।

প্রায় দুই দশক পর প্রিমিয়ার লিগের ম্যাচে লিডসের বিপক্ষে হারল চেলসি। সবশেষ ২০০২ সালের ডিসেম্বরে এই মাঠেই ২-০ গোলে হেরেছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

চেলসির শুরুটা এ দিন যদিও ছিল আশা জাগানিয়া। পঞ্চদশ মিনিটে রাহিম স্টার্লিং বল জালেও পাঠান, কিন্তু অফসাইডের কারণে গোল মেলেনি। সাত মিনিট পর ম্যাসন মাউন্টের শট দারুণ দক্ষতায় ফেরান স্বাগতিক গোলরক্ষক।

৩৩তম মিনিটে ভুলটা করে বসেন মঁদি। সতীর্থের ব্যাক পাস পেয়ে ছয় গজ বক্সে অনেকটা সময় নেন তিনি। ততক্ষণে তার কাছাকাছি পৌঁছে যান প্রতিপক্ষের ব্রেন্ডেন অ্যারনসন। শেষ মুহূর্তে তাকে কাটানোর চেষ্টা করেন মঁদি, তবে ট্যাকলে বল নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকা জালে পাঠান যুক্তরাষ্ট্রের উইঙ্গার অ্যারনসন।

সেই ধাক্কা কাটিয়ে উঠবে কী, উল্টো তিন মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বসে চেলসি। সতীর্থের ফ্রি কিকে হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এরপর ৬৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে সফরকারীদের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ করে দেন জ্যাক হ্যারিসন।

চেলসির হতাশার ষোলোকলা পূর্ণ হয় যেন নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে। প্রতিপক্ষের খেলোয়াড়কে পেছনে থেকে টেনে ফেলে দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার কালিদু কলিবালি।

তিন ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে উঠে এসেছে লিডস ইউনাইটেড। সমান ম্যাচে একটি করে জয়-পরাজয়-ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নেমে গেছে চেলসি।