ইউনাইটেডে ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন উড়িয়ে গার্নাচো বললেন, ‘এখানে আমি খুশি’
ওল্ড ট্র্যাফোর্ডে নিজের সেরা মৌসুম কাটাচ্ছেন আর্জেন্টাইন উইঙ্গার।
এগিয়ে আসছে আরেকটি দলবদলের উইন্ডো। ম্যানচেস্টার ইউনাইটেডে আলেহান্দ্রো গার্নাচোর ভবিষ্যৎ নিয়েও নানা জল্পনা-কল্পনা ফের ডানা মেলছে। তবে আর্জেন্টাইন উইঙ্গার স্পষ্ট বলে দিলেন, আপাতত ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার কোনো ভাবনা তার নেই।
গত জানুয়ারির দলবদলের সময় গার্নাচোকে নিয়ে নাপোলি ও চেলসির আগ্রহের কথা উঠে এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। এখন নতুন গুঞ্জন, গ্রীষ্মের দলবদলের তহবিল গঠনের জন্য ২০ বছর বয়সী এই ফুটবলারকে বিক্রি করে দিতে পারে ইউনাইটেড।
ইউরোপা লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে বৃহস্পতিবার আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে হুবেন আমুরির দল। তার আগে নিজের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন গার্নাচো।
“২০২৮ সাল পর্যন্ত এখানে আমার চুক্তি আছে, এখানে আমি খুশি।”
গত ডিসেম্বরে ম্যানচেস্টার ডার্বির দল থেকে গার্নাচোকে বাদ দিয়েছিলেন আমুরি। এই পর্তুগিজ কোচের মনে হয়েছিল, এর তিন দিন আগে ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার আগে গার্নাচো নির্দেশনা মানেননি।
তারপর থেকে অবশ্য আমুরির দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। ম্যাচ খেলা ও গোল করায় ইউনাইটেডে নিজের সেরা মৌসুম কাটাচ্ছেন এই তরুণ।
“আমরা জানি দলে থাকার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং আমাকে স্রেফ প্রতিদিন ভালোভাবে অনুশীলন করতে হবে, তাহলে সব ম্যাচের জন্য আমি খেলার অবস্থায় থাকব।”
