১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লেভানদোভস্কির গোলে রেয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা

টানা চার ম্যাচে পয়েন্ট হারানোর পর টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা, শীর্ষস্থানের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান নেমে এলো ৪ পয়েন্টে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 09:07 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে বিরতির পর তুলনামূলক ভালো খেলল বার্সেলোনা। গোলের দেখা পেলেন রবের্ত লেভানদোভস্কি। অবনমন অঞ্চলের দল আলাভেসকে হারিয়ে লিগ টেবিলে রেয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল হান্সি ফ্লিকের দল।

অলিম্পিক স্টেডিয়ামে রোববার লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। 

আগের দিন এস্পানিওলের বিপক্ষে হেরে যাওয়া রেয়াল ও বার্সেলোনার মধ্যে ব্যবধান এখন ৪ পয়েন্টের।

২২ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে ও ৪৯ পয়েন্ট নিয়ে রেয়াল শীর্ষে আছে। 

বল দখলে শুরু থেকে আধিপত্য করা বার্সেলোনা ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায়। লামিনে ইয়ামাল নিজেদের অর্ধ থেকে এগিয়ে প্রতিপক্ষের চার-পাঁচ জন খেলোয়াড়ের বাধা এড়িয়ে পাস দেন বাঁ দিকে। তবে রাফিনিয়ার শট যায় বাইরে।

পরের মিনিটে একে অপরের সঙ্গে সংঘর্ষে আঘাত পান বার্সেলোনার গাভি ও আলাভেসের তমাস কোনেচেনি। খেলা বন্ধ থাকে লম্বা সময়। স্ট্রেচারে বাইরে নেওয়া হয় কোনেচেনিকে। গাভি উঠে দাঁড়িয়ে আবার খেলতে চাইলেও তার বদলি নামানো হয় ফের্মিন লোপেসকে।

৩০তম মিনিটে আরেকটি সুযোগ পায় বার্সেলোনা। তবে বক্সের ভেতর থেকে ঠিকমতো শট নিতে পারেননি লেভানদোভস্কি। ৪৩তম মিনিটে বক্সের বাইরে থেকে পেদ্রির শট ঠেকান গোলরক্ষক। লক্ষ্যে প্রথম শট এটিই।

প্রথমার্ধে গোলের জন্য মাত্র তিনটি শট নিয়ে একটিই লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। এই সময়ে আলাভেস গোলে কোনো শটই নিতে পারেনি।

৬১তম মিনিটে ইয়ামালের শট ঠেকান গোলরক্ষক। পরক্ষণেই গোলের দেখা পায় বার্সেলোনা। পেদ্রির ক্রসে ইয়ামালের ভলি আলাভেসের এক খেলোয়াড়ের পিঠে লাগার পর দূরের পোস্টে ভলিতেই বল জালে পাঠান লেভানদোভস্কি।

এবারের লা লিগার সর্বোচ্চ স্কোরার লেভানদোভস্কির গোল হলো ২১ ম্যাচে ১৮টি, দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের চেয়ে ৩টি বেশি।

৭৪তম মিনিটে বক্সের বাইরে থেকে ফেররান তরেসের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। বাকি সময়ে লক্ষ্যে আর কোনো শট রাখতে পারেনি স্বাগতিকরা। গোটা ম্যাচে আলাভেসের তিন শটের সবকটিই লক্ষ্যভ্রষ্ট। 

২২ ম্যাচে ১১ হারের স্বাদ পাওয়া আলাভেস ২১ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে।