১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অপপ্রচার' চালাচ্ছে উয়েফা, অভিযোগ ফিফার

ফিফার বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিত্যক্ত প্রস্তাব ঘিরে এই দু্ই সংস্থার চলমান বিরোধ আরও তীব্র হয়ে উঠছে এই অভিযোগে।

‘অপপ্রচার' চালাচ্ছে উয়েফা, অভিযোগ ফিফার
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 01:47 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

বার্তা সংস্থা রয়টার্সের দেখা আদালতের একটি নথি অনুসারে, ‘অপপ্রচার অভিযান’ চালানোর দায়ে উয়েফাকে অভিযুক্ত করেছে ফিফা। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ফিফার বিরুদ্ধে পরিকল্পিত এই অপপ্রচার চলছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফিফার বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিত্যক্ত প্রস্তাব ঘিরে এই দু্ই সংস্থার চলমান বিরোধ আরও তীব্র হয়ে উঠছে এই অভিযোগে। 

ইনফান্তিনোর প্রস্তাব সম্পর্কিত প্রমাণ উদঘাটনের জন্য তিনটি মার্কিন আদালতে আবেদন করেছিল উয়েফা। এর মধ্যে গত সপ্তাহে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউ.এস. ডিস্ট্রিক্ট কোর্টে একটি আবেদন জমা দিয়েছে তারা, যেখানে সুইজারল্যান্ডে সম্ভাব্য ফৌজদারি মামলায় ব্যবহারের জন্য মার্কিন-ভিত্তিক সংস্থাগুলো থেকে সাক্ষ্য ও নথি সংগ্রহের অনুমতি চাওয়া হয়েছে। 

আবেদনে ফিফা বলেছে, “যদিও এই আবেদনগুলোকে শিরোনাম এবং ডকেট নম্বরসহ আইনি আবেদনপত্র হিসেবে দেখানো হচ্ছে, এগুলো ফিফা এবং এর নেতৃত্বের বিরুদ্ধে উয়েফার অপপ্রচার অভিযানকে আরও সমর্থনকারী বিবৃতি ছাড়া আর কিছুই নয়।”

মন্তব্যের জন্য ফিফা এবং উয়েফার সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স।

উয়েফা জানিয়েছে, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নিয়ে ইনফান্তিনো এবং ফিফার অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথা বিবেচনা করছে তারা। এফএফই ছিল প্রস্তাবিত সংস্থা, যা ফিফার বিশ্ব আসরগুলোর বাণিজ্যিক স্বত্ব ধারণ করত।

উয়েফা অভিযোগ করে আসছে যে, ফিফার নিয়ন্ত্রক সংস্থা এবং ২১১টি সদস্য সংগঠনের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই প্রস্তাবটি তৈরি করা হয়েছিল।

রয়টার্সের দেখা, ফিফা (আমেরিকাস) ইনকর্পোরেটেড এবং এফডব্লিউসি২০২৬ ইউএস, ইনকর্পোরেটেড কর্তৃক ১ সেপ্টেম্বর দাখিল করা একটি হস্তক্ষেপের আবেদনে, উয়েফার আবেদনের উপর রায় স্থগিত করতে অথবা অনুরোধটির বিরোধিতা করার অনুমতি দিতে আদালতকে অনুরোধ করেছে ফিফা। 

ফিফা যুক্তি দেখিয়েছে যে, “কথিতভাবে পরিকল্পিত (কিন্তু অস্তিত্বহীন) সুইস ফৌজদারি মামলার” জন্য তথ্য উদঘাটন করতে চাইছে উয়েফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আরও অভিযোগ করেছে যে, উয়েফা শুরু থেকেই এফএফই প্রস্তাবটি বানচাল করার চেষ্টা করেছিল।

উয়েফা এবং আরও কয়েকটি আঞ্চলিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিরোধিতার পর ৩১ জুলাই প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।

তথ্য উদঘাটনের জন্য উয়েফার পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে এবং এতে জশ কুশনার ও তার বিনিয়োগ সংস্থা থ্রাইভ ক্যাপিটাল ম্যানেজমেন্টের কাছ থেকে নথি প্রকাশের দাবি জানানো হয়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই এই জশ কুশনার। 

বেসরকারি সংস্থা গড়ে ৪.২ বিলিয়ন ডলারে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির জন্য ইনফান্তিনোর প্রস্তাবে জড়িত ছিল কুশনারের প্রতিষ্ঠান ‘থ্রাইভ।’ 

বিশ্বকাপ বিক্রির সঙ্গে সম্পর্কিত প্রমাণ উদঘাটনের দাবিতে অন্যান্য আদালতের আবেদন ফ্লোরিডায় করা হয়েছে, যেটি ছিল ফিফার ২০২৬ বিশ্বকাপের কার্যক্রমের কেন্দ্র, এবং ইনফান্তিনোর উপদেষ্টা গ্রেগ ম্যাফেইয়ের বিরুদ্ধে আবেদন করা হয়েছে কলোরাডোতে, যিনি একসময় লিবার্টি মিডিয়ার প্রধান নির্বাহী ছিলেন।

২৭শে আগস্ট ইএসপিএন-এর দেখা নথি অনুযায়ী, উয়েফা জানিয়েছে যে তারা সুইজারল্যান্ডে সম্ভাব্য ফৌজদারি মামলার প্রস্তুতির জন্য নথিগুলো খুঁজছে।

উয়েফার আইনজীবীরা আদালতকে বলেন, “ইনফান্তিনো দাবি করেছিলেন যে এই পরিকল্পনা ফিফার বাণিজ্যিক সম্ভাবনা ও সুযোগকে উন্মোচন করবে। প্রকৃতপক্ষে, এটি ছিল ইনফান্তিনো এবং তার সেই ছোট চক্রের জন্য ফিফা, এর সদস্য এবং ফুটবল পরিবারের অন্যান্য পক্ষের ক্ষতির বিনিময়ে ফিফার সবচেয়ে মূল্যবান সম্পদে স্থায়ী অংশীদারিত্ব অর্জন এবং অন্যভাবে লাভবান হওয়ার একটি মাধ্যম।”

ফিফা যুক্তি দেখিয়েছে যে, এফএফই প্রস্তাব এবং ইনফান্তিনোর বিরোধিতার পেছনে উয়েফার উদ্দেশ্য হলো “ছোট দেশগুলোকে ইউরোপীয় অভিজাতদের সঙ্গে প্রতিযোগিতা করার মতো আর্থিক শক্তি অর্জন থেকে বিরত রাখা।”

গত ফেব্রুয়ারিতে ফিফ কংগ্রেসে ফিফা সভাপতি ও উয়েফা সভাপতি। ছবি: রয়টার্স।

গত ফেব্রুয়ারিতে ফিফ কংগ্রেসে ফিফা সভাপতি ও উয়েফা সভাপতি

ফিফা আরও যোগ করেছে যে, উয়েফার অনুরোধে “একটি মৌলিক ত্রুটি রয়েছে: উয়েফা এমন একটি বিদেশি ফৌজদারি মামলার সহায়তার জন্য তথ্য উদঘাটন করতে চাইছে, যার কোনো অস্তিত্বই নেই এবং যা শুরু করার কর্তৃত্ব উয়েফার নেই বলেও তারা স্বীকার করেছে।”

দাখিল করা নথিতে ফিফা অভিযোগ করেছে যে, ইউরোপীয় ফেডারেশনগুলোকে এই পরিকল্পনার বিরোধিতা করতে বাধ্য করেছে উয়েফা।

গত সপ্তাহে প্রকাশিত একটি পৃথক বিবৃতিতে উয়েফা এফএফই-এর উৎপত্তির বিষয়ে একটি স্বাধীন বাহ্যিক পর্যালোচনার আহ্বান জানিয়েছে এবং বলেছে যে, যদি ইনফান্তিনো আগামী বছরের ফিফা কংগ্রেসে পুনর্নির্বাচনের জন্য দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তবে উয়েফা “তার সহযোগী কনফেডারেশনগুলোর সঙ্গে একজোট হয়ে সদস্য সংগঠনগুলোকে একটি বিশ্বাসযোগ্য বিকল্প প্রস্তাব দেবে—যা সততা, জবাবদিহিতা, উন্নয়ন এবং প্রকৃত প্রাতিষ্ঠানিক পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ হবে।”

ইনফান্তিনোর ওপর ক্রমবর্ধমান চাপ

পরিত্যক্ত প্রস্তাবটি উত্থাপন করার পর থেকেই প্রবল সমালোচিত হয়ে আসছেন ইনফান্তিনো। আগামী মার্চে চতুর্থ মেয়াদের জন্য পুনর্নির্বাচনে অংশ নেওয়ার অপেক্ষায় থাকা সভাপতির ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বেশ কয়েকটি দেশ ও সংস্থা। 

তিনটি কনফেডারেশনের পদত্যাগের চাপের মধ্যে রয়েছেন এই সুইস-ইতালীয় প্রশাসক, যার মধ্যে আছে উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং কনক্যাকাফ (যা উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের প্রতিনিধিত্ব করে)। 

আঞ্চলিক নিয়ন্ত্রক সংস্থাগুলো ইনফান্তিনোর বিরুদ্ধে সম্ভাব্য অনাস্থা ভোট নিয়ে আলোচনা করেছে।

আফ্রিকান এবং দক্ষিণ আমেরিকান কনফেডারেশনগুলোর সমর্থন ধরে রাখা ইনফান্তিনো আপাতত চেষ্টা করছেন কনফেডারেশনগুলোকে একপাশে সরিয়ে রেখে সরাসরি স্বতন্ত্র সদস্যদের কাছে আবেদন করার।