১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান ও ভারত ম্যাচের ধকল কাটাতেই মনোযোগ বাংলাদেশের

নেপালের বিপক্ষে সেমি-ফাইনাল সামনে রেখে দলকে সেরা অবস্থায় পাওয়ার আশা করছেন বাংলাদেশ অনুর্ধ্ব-২০ দলের গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য্য।

পাকিস্তান ও ভারত ম্যাচের ধকল কাটাতেই মনোযোগ বাংলাদেশের
নেপাল ম্যাচের প্রস্তুতি সতেজভাবে শুরু করতে রোববার বিশ্রাম নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 06:43 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালের লড়াইয়ের খুব বেশি দেরি নেই। দুই দিন পর খেলতে হবে নেপালের বিপক্ষে। তবে মাঠের প্রস্তুতি শুরুর আগে গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলার ধকল কাটিয়ে ওঠার দিকেও গুরুত্ব দিতে হচ্ছে। দলের গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য্য আশাবাদী, বিশ্রাম শেষে সেরা ছন্দ নিয়ে সেমি-ফাইনালে নামবে দল।

মালদ্বীপের রাজধানী মালেতে আগামী বুধবার প্রথম সেমি-ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এবার ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আসা নেপাল বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় দুইবারে শিরোপা জিতেছে; ২০১৫ ও ২০১৭ সালে। দুইবার প্রতিযোগিতাটি হয়েছিল যথাক্রমে অনূর্ধ্ব-১৯ ও ১৮ ক্যাটাগরিতে। এবার ‘বি’ গ্রুপের রানার্সআপ হওয়া বাংলাদেশ ২০২৪ সালে একবারই ট্রফি জিতেছিল, অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে।

পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে এবার যাত্রা শুরু করা বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রতিযোগিতার চারবারের চ্যাম্পিয়ন ভারতকে রুখে দেয় ১-১ ড্রয়ে। এই দুই ম্যাচের ক্লান্তি দূর করতেই খেলোয়াড়দের রোববার বিশ্রাম দিয়েছেন কোচ। 

বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার ইব্রাহিম হাসিব নেওয়াজ এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার ডেকলান থিওডোর সুলিভান জানিয়েছেন, দলের সাথে সময়টা উপভোগ করছেন তারা। বিশ্রামে থাকলেও ডেকলান জানালেন, নেপালকে হারিয়ে লক্ষ‍্যের পানে ছুটে চলার প্রত‍্যয় মনে আছে তাদের। 

নেপাল দেয়াল পেরুতে দলকে সেরা ছন্দে পাওয়ার দিকেই বেশি মনোযোগ বিপ্লবের। এই গোলকিপিং কোচ জানালেন, মানসিক ও শারীরিকভাবে দলকে প্রস্তুত করতে চেষ্টার ত্রুটি রাখছেন না তারা।

“গত দুটো ম্যাচ, বিশেষ করে ভারতের সাথে অনেক বড় ম্যাচ গেছে। অনেকটা ধকল গেছে প্রত্যেকটা খেলোয়াড়ের উপর। আজকে আমরা রিকভারি অনুশীলন করেছি, সুইমিংপুলে সময় কাটিয়েছি, স্ট্রেচিং ছিল। সামনে সেমিফাইনাল ম্যাচ; অনেক বড় একটা ম্যাচ। আমরা চেষ্টা করছি আমাদের টিমটাকে একটা ভালো শেইপে আনার জন্য।”

“মানসিকভাবে খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জন্য প্রত্যেকটা মুহূর্ত আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের খেলোয়াড়রা তাদের সেরা পারফরম্যান্স করে সেমি-ফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠবে।”