Published : 19 Aug 2026, 03:31 PM
রদ্রির ভবিষ্যৎ ঘিরে সবকিছুই যেন খুব দ্রুত ঘটে গেল। ম্যানচেস্টার সিটির অনেক সাফল্যের নায়ক এই স্প্যানিয়ার্ড হয়ে গেলেন বার্সেলোনার। ব্যালন দ’র জয়ী মিডফিল্ডারকে দলে পেয়ে খুব খুশি কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিক।
রদ্রিকে পেতে আগ্রহী ছিল রেয়াল মাদ্রিদও। তবে বিশ্বকাপজয়ী এই তারকার ‘হৃদয় জুড়ে’ ছিল বার্সেলোনা। সেটা বুঝতে পেরেই সরে যায় মাদ্রিদের দলটি এবং রদ্রি ছুটি কাটিয়ে ক্লাবে ফেরার পর থেকেই তার দলবদল ঘিরে সবকিছু দ্রুত ঘটে যায়।
৩০ বছর বয়সী ফুটবলারকে চার বছরের চুক্তিতে দলে নেওয়ার কথা মঙ্গলবার জানায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পরে ক্লাবের মিডিয়ায় রদ্রিকে নিজ দলে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ফ্লিক।
“তাকে চুক্তিভুক্ত করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে চলে আসে, আমরাও তাই তাকে দলে আনার ভাবনায় শতভাগ নিশ্চিত ছিলাম।”
এই জার্মান কোচের চোখে, ছয় নম্বর খেলোয়াড় হিসেবে রদ্রির চেয়ে বর্তমান ফুটবলে ভালো আর কেউ নেই।
“সে চমৎকার খেলোয়াড়, যে প্রতিটি দলেই বিশেষ কিছু যোগ করে। আমার জন্য তাকে এখানে পাওয়াটা দারুণ ব্যাপার। আমার মতে, সেই সম্ভবত সবচেয়ে সেরা নাম্বার সিক্স।
“সে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে, রক্ষণেও দলকে সাহায্য করে, বাতাসে বল দখলের লড়াইয়ে সে জিততে পারে, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর অবশ্যই, সে দলের সবার মান বাড়িয়ে দেয়।”