নতুন ভূমিকায় বার্সেলোনায় বুসকেতস
বার্সেলোনা ‘বি’ দলের সহকারী কোচ হয়েছেন বিশ্বকাপজয়ী এই সাবেক মিডফিল্ডার।
বার্সেলোনা গ্রেট সের্হিও বুসকেতস নতুন ভূমিকায় ফিরেছেন প্রিয় ক্লাবে। বার্সেলোনা ‘বি’ দলের সহকারী কোচ হয়েছেন তিনি।
চলতি গ্রীষ্মের শুরুতে বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডারকে দেখা গিয়েছিল বার্সেলোনা ক্লাবে। ৩৯ বছর বয়সী বুসকেতসের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হচ্ছে এবার।
বার্সেলোনা এক বিবৃতিতে ক্লাবের সাবেক এই অধিনায়কের নিয়োগের কথা নিশ্চিত করেছে।
“সোমবার থেকে সহকারী কোচ হিসেবে বার্সা আতলেতিকে যোগ দিচ্ছেন সের্হিও বুসকেতস। এই বার্সা কিংবদন্তি যোগ দিচ্ছেন জুলিয়ানো বেল্লেত্তির দলে। এই সময়ে কোচিং কোর্স সম্পন্ন করার পাশাপাশি বার্সা দলে তিনি নিজের অভিজ্ঞতা ও ফুটবল জ্ঞান নিয়ে আসবেন।
“(বার্সেলোনা) মূল দলের খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের সমাপ্তি টানার তিন বছর পর, এভাবে বুসকেতস ক্লাবে ফিরছেন। ১৫ বছর বার্সার হয়ে খেলার পর, তিনি যোগ দেন ইন্টার মায়ামিতে। সেখানে আড়াই মৌসুম খেলার পর মাঠ থেকে বিদায় নেন তিনি।”
