১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে সমীহ করে আক্রমণাত্মক খেলার লক্ষ্য চাইনিজ তাইপের

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে একশ ধাপ এগিয়ে থাকলেও, তা নিয়ে ভাবতে চান না চাইনিজ তাইপে কোচ চ্যাং হিউ মিন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 11:33 AM

Updated : 10 Sep 2026, 12:07 PM

র‌্যাঙ্কিংয়ে দুই দলের মাঝে ব্যবধান ১০০ ধাপের। বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের কথায়ও পার্থক্যটা বেশ স্পষ্ট। চাইনিজ তাইপেকে শক্তিশালী মেনে ‘অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য’ সাবিনাদের। সফরকারী দলের কোচ চ্যাং হিউ মিন অবশ্য র‌্যাঙ্কিংয়ে নিজেদের এগিয়ে থাকাটাকে গুরুত্ব দিচ্ছেন না একদমই। বললেন, র‌্যাঙ্কিং জয় এনে দেয় না।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার বিকাল পৌনে ছয়টায় প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও চাইনিজ তাইপে। দ্বিতীয় প্রীতি ম্যাচ একই ভেন্যুতে গড়াবে ৩ জুন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ পিটার বাটলারও র‌্যাঙ্কিং নিয়ে ‘বিভ্রান্ত’ না হওয়ার অনুরোধ করেছেন। তবে অধিনায়ক সাবিনার কথায় ঘুরে-ফিরে এসেছে র‌্যাঙ্কিং ও সাম্প্রতিক সময়ে তাদের আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকার বিষয়গুলো। তিনিও অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন ভালো খেলা উপহার দেওয়ার।

“আমরা শেষ যে কয়টা ম্যাচ খেলেছি, সেটার ধারাবাহিকতা ধরে রাখা লক্ষ্য। নিজেদের অবস্থান কোথায়, সেটা বুঝতে পারব। যেহেতু অনেক দিন ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলি না, আপনারাও জানেন প্রস্তুতি ক্যাম্পে থাকা আর টুর্নামেন্টের বাইরে থাকা ভিন্ন ব্যাপার। তো ছয়-সাত মাস পর মেয়েরা কিভাবে গুছিয়ে খেলতে পারবে, সেটা একটা ব্যাপার…জাপানের সাথে যখন খেলেছি (২০২৩ সালে), ওদের ফুটবলের লেভেল অন্যরকম। ওদের সাথে চাইনিজ তাইপের তুলনা হয় না।“ 

“সত্যি বলতে আমাদের অবস্থান আপনাদের বুঝতে হবে। একটা সাফের পরে (জয়ের পরে) আমাদের দিয়ে আকাশচুম্বি কিছু হবে, সেটা আসলে ইয়ে (যৌক্তিক) না। তবে ২০১৪, ২০১৫ সালে আমরা যে ফুটবল খেলতাম, সেটাও আপনারা আমাদের কাছে আশা করবেন না। এটা অবশ্যই সবসময় মেয়েদের মাথায় থাকে, আছেও। তারা সবসময় উন্নতি করছে। আশা করি, ওরা যেহেতু ভালো টিম, আমাদের দলে অভিজ্ঞ ও নতুনের মিশেল আছে, আমার মনে হয়, ভালো একটা ম্যাচ আপনারা দেখতে পারবেন।

তিন মাস ধরে বাটলারের অধীনে প্রস্তুতি নিচ্ছেন সাবিনারা। এই সময়ে নতুন কোচের নতুন দর্শনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করার কথা জানালেন অধিনায়ক।

“প্রতিপক্ষকে সবসময় সম্মান করি, র‌্যাঙ্কিংয়ে তারা যে অবস্থানেই থাকুক না কেন। নতুন কোচের অধীনে প্রায় তিন মাস অনুশীলন করা হয়ে গেছে। সব কোচেরই নিজস্ব দর্শন থাকে, সে সেভাবে চেষ্টা করেছে, মেয়েরাও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। যেহেতু শেষ ছয়-সাত বছর একভাবে ছিলাম। তো হঠাৎ করেই অন্য কোচের দর্শনের সাথে মানিয়ে নেওয়া অবশ্যই কঠিন। তারপরও মেয়েরা চেষ্টা করেছে। সবসময় মেয়েদের সহজভাবে বোঝানো, তার যে দৃষ্টিভঙ্গি…মোটামুটি ভালো।”

“ফরমেশনে পরিবর্তন আছে। আমরা আগে যেভাবে খেলেছি, সেভাবে না। ৪-২-৩-১ এই ফরমেশনে খেলেছি, ৪-৪-২ ফরমেশনে খেলেছি মাঝেমধ্যে, কিন্তু তিনি চাচ্ছেন রক্ষণের শক্তি আরেকটু বাড়িয়ে, অ্যাটাকিং কমপ্যাক্ট রেখে, টোটাল টিম সেইপ রেখে যেন আমরা খেলতে পারি। অবশ্যই ওদের বিপক্ষে আমরা সবসময় হাই প্রেস করতে পারব না, অ্যাটাকিং ফুটবলও খেলতে পারব না, যেন সামঞ্জস্য থাকে, সেই চেষ্টাই তিনি করেছেন।”

গত ডিসেম্বরের শুরুর দিকে সিঙ্গাপুরের বিপক্ষে সবশেষ খেলেছিল বাংলাদেশ। এতদিন পর খেলার সুযোগ পেয়ে কিছুটা স্বস্তিও অনুভব করছেন সাবিনা।

“রিলিফ, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা, সব মিলিয়ে আসলে (পরের) সাফের জন্য অবশ্যই এগুলো দরকার। গত সাফের পর মালয়েশিয়া, সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছি, ওখান থেকে যদি ভালো করতে চাই, ফল যায় হোক, এরকম ভালো টিমের সাথে খেলা দরকার আমাদের।”

“আর অভিজ্ঞতার বিষয়টি মেয়েদের ভাবনায় থাকবে। যেহেতু মেয়েরা ভালো করছে, বয়সভিত্তিক পর্যায়েও সাফল্য আসছে, সিনিয়র মেয়েদের প্রতিও দেশের মানুষের একটা প্রত্যাশা আছে, সব কিছু মিলিয়ে আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার।”

চাইনিজ তাইপে কোচ চ্যাং হিউ মিন জানালেন ঢাকার গরম ও আবহাওয়ার আর্দ্রতা তার দলকে ভোগাচ্ছে। এশিয়ান গেমসে সাবিনা-মারিয়াদের খেলা দেখার প্রসঙ্গ টেনে দিলেন, আক্রমণাত্মক ছকে থাকার বার্তা।

“এশিয়ান গেমসে বাংলাদেশের খেলা দেখেছিলাম, ওই প্রতিযোগিতায় আমরাও খেলেছিলাম। আমরা ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে আছি, কিন্তু অ্যাওয়ে কন্ডিশনে আমাদের শান্ত থাকতে হবে। আমরা এত বেশি আর্দ্র আবহাওয়ায় অভ্যস্ত নই। র‌্যাঙ্কিং জয়ী নির্ধারণ করে না, বাংলাদেশকে আমরা শ্রদ্ধা করি।”

“আমরা এই বছর আক্রমণাত্মক দিক নিয়ে কাজ করেছি। সামনের দিকে তাকিয়ে আছি এবং ম্যাচটি নিয়ে উন্মুখ হয়ে আছি। কেননা, এটাই আমাদের এ বছরে প্রথম ম্যাচ।”