১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কাম্প নউয়ে অমর হচ্ছেন মেসি

বার্সেলোনার দুই কিংবদন্তি ইয়োহান ক্রুইফ ও লাসলো কুবালার পাশে স্থাপন করা হতে পারে ফুটবলের এই মহানায়কের ভাস্কর্য।

কাম্প নউয়ে অমর হচ্ছেন মেসি
লিওনেল মেসি। ফাইল ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 07:19 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

কাম্প নউয়ের সংস্কার শেষে লিওনেল মেসিকে সম্মাননা জানানোর ঘোষণা দুদিন আগে দিয়েছিলেন হুয়ান লাপোর্তা। এবার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানেও সেই বার্তা দিলেন বার্সেলোনা সভাপতি। পরিবারের অনুমতি পেলে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার একটি ভাস্কর্য স্থাপন করতে চান কাম্প নউয়ে।   

কদিন আগে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই গভীর রাতে প্রিয় কাম্প নউ দেখতে যান মেসি। এ নিয়ে চর্চার মধ্যেই শুক্রবার ফুটবলের এই মহানায়কের একটি প্রতিরূপ বার্সেলোনার স্টেডিয়ামে স্থাপনের ঘোষণা দিলেন লাপোর্তা।

“সত্যিই এটা করতে পারলে আমাদের ভালো লাগবে। বার্সেলোনার মহান খেলোয়াড়রা যেখানে আছেন, আমি মনে করি সেখানে লিও মেসির ভাষ্কর্য বার্সেলোনা ভক্তদের ভালো লাগবে।”

বার্সেলোনায় এখন আছে দুই কিংবদন্তি ইয়োহান ক্রুইফ ও লাসলো কুবালার ভাস্কর্য। 

মেসির জন্য সবসময়ই বার্সেলোনার দরজা খোলা রাখার কথা বললেন লাপোর্তা।

“আমি নিশ্চিত, সে আবারও ক্লাবের সঙ্গে যুক্ত হবে। আমি জানি না, ইন্টার মায়ামিতে ক্যারিয়ার শেষ হওয়ার পর সে কী করবে। তবে সে জানে এখানে তার জন্য দরজা খোলা। লিওর প্রতি আমাদের পরম শ্রদ্ধা ও ভক্তি রয়েছে। বিশ্বের সবচেয়ে সুন্দর শ্রদ্ধাঞ্জলি তার প্রাপ্য।”

মেসির জন্য কী করতে চান, বিস্তারিত বললেন লাপোর্তা।

“বোর্ড মিটিংয়ে আমরা সহকর্মীরা সবসময়ই ভাবি, মেসির জন্য আরও বেশি কিছু করা প্রয়োজন। ক্রুইফ ও কুবালার মতো কাম্প নউয়ে তার একটা ভাস্কর্য থাকা দরকার। মেসির এটা প্রাপ্য। কারণ, তারা আমাদের আইকনিক খেলোয়াড়।”

“আমরা সবাই এটা নিয়ে কাজ করছি। অবশ্যই তার পরিবারের এতে সম্মত হতে হবে। যখন সময় হবে, আমরা তার ভাস্কর্যের নকশা করব। আমরা এটার প্রস্তাব দেব। বার্সা ভক্ত হিসেবে এটা আমাদের ভালো লাগবে।” 

লাপোর্তার ঘোষণার পর সামাজিক মাধ্যমে ভাস্কর্য হিসেবে ব্যবহারের জন্য মেসির পুরোনো ছবি দিচ্ছেন অনেকে। রেয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে জার্সি হাতে সেই উদযাপনের ছবি দিচ্ছেন কেউ কেউ। আবার কেউ দিচ্ছেন দুই হাতে আকাশের দিকে তাক করে মেসির ধ্রুপদী উদযাপনের ছবি।