টেকনাফে ১৩টি স্বর্ণের বার উদ্ধার
এক ব্যক্তির ফেলে যাওয়া বস্তায় তল্লাশি করে বার্মিজ গুড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়।
কক্সবাজারের টেকনাফে গুড়ের বস্তায় লুকানো ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তর্কি (বিএন) জানান, শনিবার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলীতে এই অভিযান চালানো হয়।
মুনিফ জানান, কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদের নেতৃত্বে অভিযান চলাকালে রাত ২টার দিকে মিয়ানমার থেকে টেকনাফ স্থল বন্দরের দিকে একটি বোট আসতে দেখা যায়।
“ওই বোট থেকে এক ব্যক্তি একটি হলুদ রঙের বস্তা মাথায় নিয়ে বরইতলী প্যারাবনের ভিতর ঢোকে। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্ট গার্ড তাকে থামতে বলে। তখন ওই ব্যক্তি বস্তা ফেলে বরইতলী পাহাড়ের মধ্যে পালিয়ে যায়।”
পরে ওই বস্তায় তল্লাশি করে ৩০ কেজি বার্মিজ গুড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ২,১৫৯ দশমিক ৪৩ গ্রাম ওজনের ১৩টি ‘বার্মিজ’ স্বর্ণের বার পাওয়া যায় বলে তিনি জানান।
জব্দ করা স্বর্ণের বার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টম গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে তিনি জানান।
