নাটোরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়েজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সংস্থাটির চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
Published : 31 May 2023, 07:14 PM
বাংলাদেশ প্রেস কাউন্সিল সারাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
বুধবার দুপুরে নাটোর সার্কিট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়েজিত ‘তথ্য অধিকার আইন ২০০৯, আইন ও আচরণবিধি’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
সারাদেশের সাংবাদিকদের তালিকা মূল্যায়ন করা হবে এবং এ মূল্যায়ন একটি চলমান প্রক্রিয়া হবে বলেও জানান প্রেস কাউন্সিল চেয়ারম্যান। তিনি বলেন, “একটু সময়সাপেক্ষ হলেও এ প্রক্রিয়ায় প্রকৃত সাংবাদিকরা বেরিয়ে আসবে।”
ডাটাবেজ তৈরির জন্য এরই মধ্যে জেলা প্রশাসক ও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বলেন, “এরই মধ্যে ২২-২৩টি জেলার সাংবাদিকদের তালিকা হাতে পেলেও জাতীয়ভাবে দৈনিক যুগান্তর ছাড়া অন্য কোনো পত্রিকা এখনও কোনো তালিকা পাঠায়নি।”
নিজামুল হক নাসিম বলেন, “দেশে সংবাদ মাধ্যমের সংখ্যা বেড়েছে, কিন্তু মান বাড়েনি। আমার চোখে মান বাড়তে দেখেনি।”
প্রধান অতিথির বক্তৃতায় নাসিম বলেন, “যারা সাংবাদিকতা করবেন তাদের প্রথম পেশা সাংবাদিকতাই হতে হবে। দ্বিতীয় পেশা অন্য কিছু হতে পারে। যিনি সাংবাদিকতা করবেন তাকে মিনিমাম গ্রাজুয়েট হতে হবে অথবা সাংবাদিকতায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।”
ভুয়া সাংবাদিকতা, অপসাংবাদিকতা, সংবাদপত্রের নামে কার্ড বিক্রি দমনের জন্য সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ খুব দরকার বলেও নিজের মত জানান তিনি। এ ছাড়া একটি জেলাতে একটিই প্রেসক্লাব রাখার কথাও বলেন।
অনুষ্ঠানে তথ্য অধিকার আইন সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকতার নীতি-নৈতিকতা, নীতিমালা, ডিজিটাল নিরাপত্তা আইন, অপেশাদারি ও অপসাংবাদিকতা, সাংবাদিকদের বেতন-ভাতা, নিরাপত্তাসহ সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন নাটোরের সাংবাদিকরা।
সভায় নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো. মাসুদ খান, নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ।
মতবিনিময় সভায় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পোর্টাল ও বিভিন্ন সংবাদ সংস্থার নাটোর জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।