২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

দেশের মানুষ চায় স্থিতিশীলতা ও নিরাপত্তা: ভূমি প্রতিমন্ত্রী

“একদিকে তারা বলছে জ্বালানির সংকট, ঐদিকে আবার বিপুল সংখ্যক গাড়ি নিয়ে রোড মার্চে যাচ্ছে। তাহলে এটা আসলে হচ্ছে কিনা, মানুষ কিন্তু এসব বুঝে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 03:09 PM

Updated : 23 Sep 2026, 03:09 PM

বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা ও নিরাপত্তা চায়, তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 

তিনি বলেছেন, “বাংলাদেশের মানুষ যেটা চায়, আমি যেটা মনে করি, এটা হচ্ছে একটা স্থিতিশীলতা এবং নিরাপত্তা। রাজনৈতিক মত প্রকাশের সুযোগ সবার আছে, কিন্তু জনজীবন যদি বিপন্ন হয় কোনো কারণে, যদি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, অবশ্যই সরকারের যা করার দরকার সেটা করবে, আইনের ভিতরে থেকে করবে।” 

মঙ্গলবার রাতে খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদে নতুন দ্বায়িত্ব পাওয়া অন্তবর্তীকালীন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। 

বিএনপি কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা যখন আন্দোলন-সংগ্রাম করেছি, এখানে আমাদের এমপি মহোদয় আছেন, বিরোধী দলে হাজার বার জেল খাটার পরেও, মামলা-হামলার শিকার হওয়ার পর আমরা কিন্তু নিজেরাই নেতৃত্ব দিয়েছি আমাদের সহকর্মীদের সাথে।”

তিনি বলেন, “যারা পালিয়ে বিদেশে আছে এরা খুব আরামে আছে, কিন্তু এই দরিদ্র পরিবারের সন্তানরা বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছে এসব অপরাধে, কারণ নিষিদ্ধ সংগঠনের এই এসবের কারণে। তো আমি মনে করি যে এটা খুব অন্যায় হচ্ছে। এরা আসলে টাকার অভাবেই হয়তো এই কাজগুলো করছে, এরা আদর্শ-নীতি থেকে করছে না। ” 

প্রতিমন্ত্রী আরো বলেন, “বাংলাদেশের অর্থনীতি যেভাবে মুখ থুবড়ে পড়েছে অর্থাৎ ৩০ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে সরকার যাত্রা শুরু করেছিল কিন্তু আবার সাত মাসের মধ্যে সেটার মোড় ঘুরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি ঊর্ধমুখী গতি মাত্র শুরু করেছেন। 

“তখন একটি পক্ষ দেশকে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে। একদিকে তারা বলছে জ্বালানির সংকট, ঐদিকে আবার বিপুল সংখ্যাক গাড়ি নিয়ে রোড মার্চে যাচ্ছে। তাহলে এটা আসলে হচ্ছে কিনা, মানুষ কিন্তু এসব বুঝে। " 

পরে জেলার আইনশৃঙ্খলার তদারকির দায়িত্বপ্রাপ্ত ও সমন্বয়ক হিসেবে রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দফতরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ,আইনজীবী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বিশেষ সভা করেছেন তিনি।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্যের ওয়াদুদ ভূইয়া বলেন, “খাগড়াছড়ির জেলার আঞ্চলিক মহাসড়কগুলো যথাযথভাবে প্রশস্তকরণের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। " 

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক ,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা,জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য। 

এর আগে মাটিরাঙায় জামে মসজিদ ও তপ্ত মাস্টার পাড়ায় একটি সেতুর উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী।"