২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি ইলিয়াস, সহায়তার আশ্বাস

নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে চর খোলাবাড়িয়া এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 10:03 PM

Updated : 23 Sep 2026, 10:03 PM

আলফাডাঙ্গা উপজেলায় নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা।

বুধবার তিনি নদীভাঙন কবলিত চর খোলাবাড়িয়া এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এ সময় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বলেন, নদীভাঙন রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংসদেও কথা বলেছেন তিনি।

তিনি বলেন, ফরিদপুরে পদ্মা, মধুমতী ও কুমার নদীর ভাঙনে প্রতিবছর বিপুল পরিমাণ জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে ফরিদপুর-১ আসনের বিভিন্ন স্থানে মানুষ ভাঙনের শিকার হচ্ছেন। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

পরিদর্শন শেষে চর খোলাবাড়িয়া এলাকায় আলহেরা দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য।

এদিকে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে চর খোলাবাড়িয়া এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, ভাঙন অব্যাহত থাকলে আলহেরা দাখিল মাদ্রাসা, মোকসেদ মোল্লা এতিমখানা, পোস্ট অফিস, চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদসহ বহু বসতবাড়ি ও প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে।