২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে কিশোরের মৃত্যু

গরু চড়াতে গিয়ে ওই কিশোর হাতির আক্রমণের শিকার হয় বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 08:32 PM

Updated : 27 Dec 2023, 08:32 PM

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার বিকালে উপজেলার রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা।

নিহত অংশে হ্লা মারমা (১৩) চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকার মংপলু মারমার ছেলে। সে বাঙালহালিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

উপজেলার ৩২২ নম্বর নারানগিরি মৌজা হেডম্যান উবাথোয়াই চৌধুরী জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মারমা ওই এলাকায় গরু চড়াতে যায়। এ সময় সে বন্যহাতির সম্মুখীন হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই হাতি তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সীতাপাহাড় ও জগনাছড়ির মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটেছে, এমনটা ধারণা করা হচ্ছে বলে জানান ইউপি চেয়ারম্যান মংক্য মারমা।

চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম বলেন, হাতির আক্রমণে এক কিশোর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।